দেশের অর্থ ও বাণিজ্যের কাগজ অর্থকণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাকালীন সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম ১১ নভেম্বর ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ দিন বাদ জোহর রাজধানীর মহাখালী ডিওএসএইচ জামে মসজিদে জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী ও দুই ছেলে, ভাইবোনসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৮ বছর।
কাজী জাহাঙ্গীর আলম বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি বিমান বাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। পেশাগত কারণে তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। কাজী জাহাঙ্গীর আলম অধুনালুপ্ত বাংলাদেশ টাইমস এর সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। বরেণ্য এই সাংবাদিকের মৃত্যুতে অর্থকন্ঠ পরিবার গভীরভাবে শোক প্রকাশ করেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
অর্থকণ্ঠ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানানো হয়েছে।
সর্বশেষ হালনাগাদ 5 years আগে

