অর্থকাগজ প্রতিবেদন
ঈদ পরবর্তী সময়ে সাধারণত রাজধানীর বাজারগুলোতে ক্রেতার আনাগোনা কম থাকে, কিন্তু এবার দেখা যাচ্ছে ব্যতিক্রম চিত্র। ক্রেতা কম থাকলেও সবজি ও মুরগির দাম ঈদের আগের মতোই চড়া রয়েছে, যা সাধারণ ক্রেতাদের জন্য অস্বস্তির কারণ হয়েছে।
১০ই জুন (মঙ্গলবার) রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজির দামই কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। গ্রীষ্মকালীন সবজির মধ্যে বেগুন ৮০ টাকা, করলা ৮০ টাকা, বরবটি ৬০ টাকা, পটল ৫০ টাকা, ধুন্দল ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা এবং কচুর মুখী ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও সাজনা ১২০ টাকা, ঝিঙা ৬০ টাকা, কাঁচামরিচ ৬০ থেকে ৮০ টাকা এবং পেঁপে ৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
কিছু সবজিতে অবশ্য স্বস্তি মিলেছে। ঈদের পর শসার দাম কিছুটা কমেছে, যেখানে দেশি শসা ৬০ টাকা এবং হাইব্রিড শসা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, টমেটো ৪০ থেকে ৫০ টাকা কেজি, মুলা ৫০ টাকা কেজি, কাঁচা আম ৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সবজির মধ্যে লেবুর হালি ২০ থেকে ৩০ টাকা, ধনেপাতা ৩০০ টাকা কেজি, কাঁচা কলা হালি ৪০ টাকা, চাল কুমড়া ৫০ টাকা পিস, ক্যাপসিকাম ৩৫০ টাকা, কাঁকরোল ৫০ টাকা এবং মিষ্টি কুমড়া ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে গাজর ১৫০ টাকা কেজি দরে বিক্রি হওয়ায় ক্রেতাদের জন্য এটি বেশ ব্যয়বহুল।
সবজির পাশাপাশি মুরগির দামও আগের মতোই চড়া রয়েছে। সোনালি কক মুরগি ৩০০ টাকা কেজি, সোনালি হাইব্রিড মুরগি ২৭০ টাকা কেজি, লাল লেয়ার মুরগি ৩২০ টাকা কেজি, সাদা লেয়ার মুরগি ৩০০ টাকা কেজি, ব্রয়লার মুরগি ১৭০ টাকা কেজি এবং দেশি মুরগি ৬৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজারে পরিস্থিতি আরও ভিন্ন। অধিকাংশ মাছ বিক্রেতাকে দেখা যায়নি। দুয়েকজন দোকান খুললেও রুই, পাঙাশ এবং কই মাছ ছাড়া অন্য কোনো মাছের দেখা মেলেনি। রুই মাছ ৩৫০ থেকে ৪৫০ টাকা কেজি, পাঙাশ ২২০ টাকা কেজি এবং কই মাছ ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আলু ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে; দেশি পেঁয়াজ ৫৫ টাকা কেজি এবং ভারতীয় পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঈদ পরবর্তী এই বাজার পরিস্থিতি ক্রেতাদের জন্য অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।
অকা/প্র/ই/সকাল/১০ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 12 months আগে

Leave A Reply

Exit mobile version