অর্থকাগজ প্রতিবেদন ●
দেশের অর্থনীতি আবার উচ্চ প্রবৃদ্ধির দিকে যাওয়ার ইঙ্গিত দিয়েছে বিশ্ব ব্যাংক। চলতি ২০২১–২২ অর্থ বছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৬ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
৭ অক্টোবর প্রকাশিত বিশ্ব ব্যাংকের সাউথ এশিয়ান ইকোনমিক ফোকাস প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে সংস্থাটি বলেছে, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি আগামী ২০২২-২৩ অর্থ বছরে আরও বেড়ে ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে। উল্লেখ্য, চলতি অর্থ বছরের জাতীয় বাজেটে সরকার জিডিপিতে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৭ দশমিক ২ শতাংশ।
ডিজিটাইজেশন ও সেবানির্ভর উন্নয়ন' শীর্ষক এই নতুন প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, গত ২০২০–২১ অর্থ বছরের দ্বিতীয়ার্ধ থেকেই বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। ভবিষ্যতে এদেশের অর্থনীতি আরও চাঙ্গা হবে। তবে এই চাঙ্গা হওয়ার বিষয়টি নির্ভর করছে, টিকা দেওয়ার গতির ওপর। সংস্থাটি বলছে, টিকা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ এখনো বেশ পিছিয়ে রয়েছে। এ ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় একমাত্র আফগানিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ।
বিশ্ব ব্যাংক আরও বলছে, করোনার কারণে দেশের অর্থনীতিতে যেসব আঘাত এসেছে, তা যদি নিয়ন্ত্রণে রাখতে পারে তাহলে অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি বাড়বে। বিশ্ব ব্যাংক মনে করে, করোনার দ্বিতীয় ধাক্কায় বিশ্ব বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা কমতে পারে। আবার বিদেশে বাংলাদেশি শ্রমিকের চাহিদাও কমতে পারে।
#
সর্বশেষ হালনাগাদ 5 years আগে
