অর্থকাগজ প্রতিবেদন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ২০২১ সালে দেশে দারিদ্র্যের হার কমেছে। ২০২০ সালে দেশে এ হার ১৩ শতাংশের ওপরে ছিল, ২০২১ সালে ১ দশমিক ১২ শতাংশ কমেছে। আন্তর্জাতিক সংস্থা আইএমএফ (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) সম্প্রতি তা বলেছে। অথচ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক বলছেন দেশে দারিদ্র্যতা বাড়ছে। দুঃখজনক হলেও সত্যি দেশের উন্নয়নে এমন ইতিবাচক সংবাদটি আমাদের দেশের সংবাদপত্রগুলো গুরুত্বের সঙ্গে প্রকাশ করে না। নেতিবাচক খবরকে সংবাদপত্রগুলো বেশি গুরুত্ব দেয়। যা উচিত নয়। গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ইতিবাচক খবর মানুষকে সঠিক পথে নিয়ে যেতে পারে।

ড. হাছান মাহমুদ বলেন, দেশে সাড়ে ১২০০ দৈনিক সংবাদপত্র রয়েছে। এর অনেক সংবাদপত্রই নিয়মিত বের হয় না। বিজ্ঞাপন পেলে প্রকাশ হয়। অনিয়মিত এবং প্রকাশনা বন্ধ রয়েছে এমন সংবাদপত্রের সংখ্যা ৪ শ’। ২০০ সংবাদপত্রকে চিঠি দেয়া হয়েছে। নিয়ম ও নীতি অমান্যকারিদের প্রকাশনা বন্ধ করে দেয়া হবে। তিনি বলেন, পশ্চিম বাংলায় পত্রিকার পাঠক সংখ্যা আমাদের চেয়ে অনেক বেশি হলেও সেখানে বাংলাদেশের মতো এতো বেশি সংবাদপত্র বের হয় না।

বাংলাদেশ সংবাদপত্র পরিষদ এর বার্ষিক সাধারণ সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৩ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর সার্কিট হাউজ রোডে অবস্থিত প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অতিমারির সাম্প্রতিক করোনাকে আমরা ভালোমত মোকাবেলা করতে সক্ষম হয়েছি। করোনা মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম এবং বিশ্বে সপ্তম। দেশের সংবাদপত্রে মহামারি প্রতিরোধে সাফল্যের সংবাদটি তেমন প্রচার পায়নি। মন্ত্রী বলেন, বিগত ২ শ’ বছর আগেও পৃথিবীর কোন দেশের সরকার শতভাগ সঠিকভাবে কাজ করতে পারেনি। আগামী ২০০ বছরেও সঠিকভাবে একশ’ শতাংশ কাজ কোন দেশ সম্পন্ন করতে পারবে না। কাজ করলে এবং দায়িত্বে থাকলে সমালোচনা হবেই। সমাজে সমালোচনার প্রয়োজন রয়েছে; তবে তা সঠিক হওয়া উচিত। সরকারের ইতিবাচক খবর প্রকাশকে গুরুত্ব প্রদানের জন্য বাংলাদেশ সংবাদপত্র পরিষদ এর সদস্যদের ধন্যবাদ জানান মন্ত্রী।

দৈনিক প্রভাত এর সম্পাদকমণ্ডলীর সভাপতি , বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগ এর উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় - ২০২২ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় একশ’ সম্পাদক ও প্রকাশক অংশ নেন। পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর বারী মঞ্জুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম।

বক্তৃতা করেন পরিষদের সভাপতি এবং দৈনিক ভোরের আওয়াজ এর সম্পাদক ও প্রকাশক মো. শাহ জালাল, সাধারণ সম্পাদক এবং দৈনিক জাতীয় অর্থনীতি এর সম্পাদক ও প্রকাশক এম জি কিবরিয়া চৌধুরী, দৈনিক শিরোনাম এর সম্পাদক ও প্রকাশক এবং কথাসাহিত্যিক নীতিশ সাহা, দৈনিক অরণ্য বার্তার সম্পাদক ও প্রকাশক চৌধুরী আতাউর রহমান, দৈনিক জননেত্র এর সম্পাদক ও প্রকাশক এম. মুখলেছুর রহমান খান প্রমুখ। সভায় বক্তরা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর কাছে দুই তিন বছর ধরে সরকারি বিজ্ঞাপনের বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধ করার অনুরোধ জানান। এছাড়াও ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধিতে জীবনযাত্রার বিরাজমান নাজুক পরিস্থিতি এবং মূল্যস্ফীতির প্রবণতায় সরকারি বিজ্ঞাপন হার বাড়ানোর জন্য দাবী জানান।

#

অকা/গম/বিকেল, ১৩ সেপ্টেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version