অর্থকাগজ প্রতিবেদন

অতি সম্প্রতি বীমা খাতের নিয়ন্ত্রণকারি প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মোহাম্মদী খানমের নিয়োগ অনুমোদন দিয়েছে। 

মোহাম্মদী খানম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএসএস (সম্মান) এবং এমএসএস ডিগ্রি অর্জন করেন এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি থেকে জেনারেল ইন্স্যুরেন্সে প্রফেশনাল ডিপ্লোমা সম্পন্ন করেছেন।

বীমা শিল্পে দীর্ঘ ৩৩ বছরের কর্ম অভিজ্ঞতা সম্পন্ন মোহাম্মদী খানমের কর্মজীবন শুরু হয় ১৯৮৮ সালে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানিতে ট্রেইনি নির্বাহী কর্মকর্তা হিসেবে। এরপর তিনি গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স ও প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানির বিভিন্ন দায়িত্বশীল পদে কাজ করেছেন।

দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদানের আগে মোহাম্মদী খানম প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি দেশে ও বিদেশে একাধিক বীমা সংক্রান্ত প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। তিনি উইমেন ইন্স্যুরেন্স লিডারশিপ অ্যাওয়ার্ডেও ভূষিত হয়েছেন।

ব্যক্তিগত জীবনে দু’ পুত্র সন্তানের জননী তিনি। কুমিল্লার মৌলভীপাড়ার বাসিন্দা হলেও চাঁদপুরে জন্মগ্রহণকারি এ বীমা নির্বাহীর স্বামী মেহমুদ হোসেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। বড় ছেলেও ব্যাংকার।  ব্যাংক বীমা পরিবারের সদস্য মোহাম্মদী খানম একসময় বাংলাদেশ টেলিভিশন এর ঘোষিকা ছিলেন।  গ্রুপ থিয়েটার পদাতিকের সদস্যও ছিলেন তিনি।  #

অ/বীপ্র/ রাত, ১৯ ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version