অর্থকাগজ প্রতিবেদন ●
বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে (ব্যালান্স অফ পেমেন্ট) বিশাল ঘাটতির মুখে পড়েছে বাংলাদেশ। অর্থবছরের এক মাস বাকি থাকতেই অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এই ঘাটতি ১৭ বিলিয়ন (১ হাজার ৭০০ কোটি) ডলার ছাড়িয়ে গেছে।
বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনই কোনো অর্থবছরে এত বড় ঘাটতি দেখা যায়নি। আমদানির উল্লম্ফনে অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচকে এই বেহাল দশা হয়েছে বলে মনে করছেন অর্থনীতির গবেষকরা।
উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেই ১ জুলাই থেকে শুরু হয়েছে ২০২২-২৩ অর্থবছর। করোনাভাইরাস নতুন করে চোখ রাঙাচ্ছে। রাশিয়া-ইউক্রের যুদ্ধের আঘাত তো লেগেই আছে। সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে এবং হচ্ছে।
সব মিলিয়ে নানা চ্যালেঞ্জ নিয়েই শুরু হলো নতুন অর্থবছর। এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা। অস্বাভাবিক আমদানি বৃদ্ধি অর্থনীতিকে যে সংকটের মধ্যে ফেলে দিয়েছে, সেই ব্যয়ের লাগাম টেনে ধরাও আরেকটি চ্যালেঞ্জ।
বাংলাদেশ ব্যাংক বিদায়ী অর্থবছরের ১১ মাসের (জুলাই-মে) ব্যালান্স অফ পেমেন্টের তথ্য প্রকাশ করেছে। তাতে দেখা যায়, ওই ১১ মাসে বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৭ দশমিক ২৩ বিলিয়ন ডলার। আগের অর্থবছর অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের একই সময়ে এই সূচক মাত্র ২ দশমিক ৭৮ বিলিলয়ন ডলার ঘাটতি ছিল।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য ঘেঁটে দেখা যায়, বিদায়ী ২০২১-২২ অর্থবছর শুরুই হয়েছিল লেনদেনের ভারসাম্যে ঘাটতি নিয়ে। প্রথম তিন মাসে অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ২৩১ কোটি ৪০ লাখ (২.৩১ বিলিয়ন) ডলার। চার মাস শেষে (জুলাই-অক্টোবর) তা বেড়ে দাঁড়ায় ৪৭৭ কোটি ডলার। এভাবে প্রতি মাসেই বাড়তে বাড়তে ১১ মাস শেষে অর্থাৎ মে মাস শেষে এই ঘাটতি ১৭ দশমিক ২৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
অর্থবছরের বাকি এক মাসের তথ্য যোগ হলে এই ঘাটতি ২০ বিলিয়ন ডলারে গিয়ে পৌঁছতে পারে বলে হিসাব দিয়েছেন অর্থনীতির গবেষক পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর।
তিনি বলেন, ‘অস্বাভাবিক আমদানি বৃদ্ধির কারণে বৈদেশিক লেনদেনে এই বিশাল ঘাটতি দেখা দিয়েছে। এ কথা ঠিক যে, আমদানি বাড়ার একটা ভালো দিকও আছে। দেশে বিনিয়োগ বাড়ে; কর্মসংস্থান হয়। অর্থনীতিতে গতি সঞ্চার হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে আমদানি খাতে খরচ যেভাবে বাড়ছে, তা ধারণ করার মতো ক্ষমতা বাংলাদেশের অর্থনীতির নেই। সে কারণেই মুদ্রাবাজার তথা ডলারের বাজারে অসিস্থরতা বা সংকট দেখা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে বাজারে ডলার ছেড়েও নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না।’
‘বিশ্ববাজারে জ্বালানি তেল, খাদ্যপণ্যসহ সব ধরনের জিনিসের ঊর্ধ্বমূল্য আমদানি খরচ বাড়ার একটি কারণ। সরকার ও বাংলাদেশ ব্যাংক থেকে নানা উদ্যোগ নেওয়ার পরও আমদানি ব্যয়ের লাগাম টেনে ধরা যাচ্ছে না। এই ব্যয় বাড়ার কারণে মূল্যস্ফীতিও বাড়ছে। সব মিলিয়ে অর্থনীতিতে সংকট বাড়ছে।’
এ অবস্থায় আমদানি কমাতে আরও কঠোর পদক্ষেপ নিতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে পরামর্শ দেন ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান আহসান মনসুর।
বেশ কয়েক বছর পর ২০২০-২১ অর্থবছরে সামগ্রিক লেনদেন ভারসাম্যে ঘাটতিতে পড়ে বাংলাদেশ। প্রায় ৪ বিলিয়ন ডলারের ঘাটতি নিয়ে শেষ হয়েছিল ওই বছর। তার আগে ৯ দশমিক ২৭ বিলিয়ন ডলারের বড় উদ্বৃত্ত নিয়ে ২০১৯-২০ অর্থবছর শেষ হয়েছিল। তার আগের বছরে উদ্বৃত্ত ছিল ৩১৬ কোটি ৯০ লাখ ডলার।
#
অকা/প্র/দুপুর, ০৫ জুলাই, ২০২২ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 4 years আগে

