অর্থকাগজ প্রতিবেদন  ●

মোস্তফা কামালউদ্দিন বিমান বাংলাদেশ এর চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিমান অধিশাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে তাকে চেয়ারম্যান করা হয়। আদেশে চেয়ারম্যান ছাড়া বিমান পরিচালনা পর্ষদের বাকি সব সদস্যরা অপরিবর্তিত রয়েছেন।

বিমান চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসনের ৫ম ব্যাচের কর্মকর্তা। ২০১৭ সালের আগস্ট থেকে তিনি জননিরাপত্তা বিভাগে ছিলেন। চলতি বছরের ১২ জানুয়ারি তিনি চাকরি থেকে অবসর নেন। এর মধ্যে ১৫ জানুয়ারি তাকে বিমানের চেয়ারম্যান করা হয়।

এর আগে বিমানের চেয়ারম্যান পদে মেয়াদ পার করেছেন সাজ্জাদুল হাসান। তিনি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব। চাকরি থেকে অবসরে যাওয়ার পর তিনি বিমানের চেয়ারম্যান হয়েছিলেন।

১৩ সদস্যের পর্ষদে চেয়ারম্যান একজন, বাকিরা পরিচালক। বিমান পর্ষদে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, অর্থ বিভাগের সিনিয়র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, সহকারী বিমান বাহিনী প্রধান (অপারেশন), সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, বিজিএমইএ’র সভাপতি, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজিবুল আলম, দি কম্পিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতিক-ই-রব্বানী এবং বিমানের ব্যবস্থাপনা পরিচালক।

অকা/সখবি/সকাল, ১৬ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 3 years আগে

Leave A Reply

Exit mobile version