অর্থকাগজ প্রতিবেদন
দীর্ঘমেয়াদে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা ইস্যুয়ার ডিফল্ট রেটিং (আইডিআর) কমিয়েছে ফিচ রেটিংস।
আন্তর্জাতিক ঋণমান যাচাইকারী সংস্থাটি, বহিস্থ খাতের অবনতির অনুমান করে বাংলাদেশের আইডিআর আগের 'বিবি মাইনাস' থেকে কমিয়ে 'বি প্লাস' করেছে। তবে পূর্বাভাস স্থিতিশীল বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফিচ।

সংস্থাটি বলেছে, বাহ্যিক বিষয়গুলো ক্রমাগত দুর্বলতার প্রতিফলন দেখাচ্ছে। সাম্প্রতিক নীতি সংস্কারগুলো সত্ত্বেও যা ঠেকানো যথেষ্ট চ্যালেঞ্জিং হবে। এতে বাহ্যিক ঝুঁকি মোকাবিলায় দুর্বলতা বাড়তে পারে।

এবিষয়ে ফিচ রেটিংস জানিয়েছে, ২০২২ সাল থেকে নেওয়া নীতি তৎপরতাগুলো বৈদেশিক মুদ্রা রিজার্ভের পতন ঠেকানো এবং অভ্যন্তরীণ ডলার সংকট নিরসনের জন্য যথেষ্ট ভূমিকা রাখতে পারেনি।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা ইস্যুয়ার ডিফল্ট রেটিং (আইডিআর)-কে স্থিতিশীল থেকে নেতিবাচক করে ফিচ রেটিংস। এসময় তা বিবি মাইনাস এ নামিয়ে আনা হয়।

তবে সাম্প্রতিকতম অবনমনটি এমন সময়ে করা হলো যখন বৈদেশিক মুদ্রা বা মার্কিন ডলারের বিনিময় দর স্থিতিশীল করতে ক্রলিং পেগ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

ফিচ বলেছে, ক্রলিং পেগ বৈদেশিক মুদ্রা বাজারের দীর্ঘদিনের বিকৃতিগুলো দূর করে উল্লেখযোগ্যভাবে দেশের ফরেক্স রিজার্ভ গঠনের সহায়ক হবে কিনা– তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বাংলাদেশের বিদেশি মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার মূল কারণগুলোর মধ্যে একটি হচ্ছে পুঁজি পাচার হওয়া। এ কথা জানিয়ে ফিচ রেটিংস আরও বলেছে, প্রবাসী আয়ের বড় একটি অংশ অনানুষ্ঠানিক পথে দেশে আসছে। এই পরিস্থিতিতে জানুয়ারির পর দেশের রিজার্ভ কমেছে ১৫ শতাংশ। এখন রিজার্ভ নেমে এসেছে ১৮ দশমিক ৪ বিলিয়ন ডলারে।

বাংলাদেশ ব্যাংক অবশ্য জানিয়েছে, পুরোপুরি বাজারভিত্তিক বিনিময় হার প্রবর্তনের আগে অন্তর্বর্তীকালীন ও সাময়িক ব্যবস্থা হিসেবে ক্রলিং পেগ পদ্ধতি গ্রহণ করা হয়েছে। কিন্তু ফিচ বলছে, উচ্চ মূল্যস্ফীতির কারণে মুদ্রার বিনিময় হার নমনীয় করার ক্ষেত্রে পরবর্তী ব্যবস্থা নেয়া জটিল হবে।

ফিচ আশা করছে, কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি যেসব ব্যবস্থা নিয়েছে, সে কারণে রিজার্ভ পরিস্থিতি স্থিতিশীল হবে। তবে বিদেশি মুদ্রার ব্যবস্থাপনায় নতুন যেসব পদক্ষেপের কথা বলা হয়েছে, সেগুলো কীভাবে বাস্তবায়ন করা হবে এবং মুদ্রার আনুষ্ঠানিক বিনিময় হার অনানুষ্ঠানিক হারের সমান হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

অকা/প্র/সৈই/সকাল/২৮ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version