অর্থকাগজ প্রতিবেদন

করোনার প্রভাব থেকে ঘুরে দাঁড়ানোর ১৩ মাস পর আবারও বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক রফতানিতে ভাটা পড়েছে। সদ্য সমাপ্ত সেপ্টেম্বরে তৈরি পোশাক রপ্তানি কমেছে ৭ দশমিক ৫২ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে দেশের পণ্য বিশ্ববাজারে রফতানির বিপরীতে আয় হয়েছে ৩৯০ কোটি ডলার। এর আগের বছর অর্থাৎ ২০২১ সালের সেপ্টেম্বর মাসে রফতানি আয় হয়েছিল ৪১৬ কোটি ৫৪ লাখ ৫ ডলার। সেই হিসেবে আগের বছরের একই সময়ের চেয়ে আয় ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে।

মূলত তৈরি পোশাকের রফতানি কমার কারণেই রপ্তানি আয়ে ভাটা পড়েছে। ইপিবির সেক্টরওয়াইজ ডাটা পর্যালোচনায় দেখা গেছে, সেপ্টেম্বর মাসে ৩১৬ কোটি ১৬ লাখ ৭ হাজার ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে । এর আগের বছর অর্থাৎ ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ৩৪১ কোটি ৮৮ লাখ ৪ হাজার ডলার আয় হয়েছিল। অর্থাৎ গত বছরের সেপ্টেম্বরের তুলনায় ৭ দশমিক ৫২ শতাংশ কমেছে। ওভেন ও নিটওয়্যার— উভয় ধরনের পোশাক রফতানিই কমেছে।

২০২১ সালের জুলাই মাসে পোশাক রফতানি থেকে আয় হয়েছিল ২৮৮ কোটি ৭২ লাখ ২ হাজার ডলার, যা ২০২০ সালের জুলাই মাসের চেয়ে ১১ দশমিক ২ শতাংশ কম। সেই হিসাবে ২০২১ সালের আগস্ট থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ ১৩ মাস পর রফতানি আয় কমলো।

পোশাক রফতানি আয় কমে যাওয়ার বিষয়ে বিজিএমইএর সহ-সভাপতি শহিদুল্লাহ আজিম বলেন, ইউরোপ-আমেরিকার বাজারে বিকল্প খুঁজে বের করা হচ্ছে। দ্রুত সেসব দেশে পোশাক পণ্য রফতানি করা হবে।

বিজিএমইএর পরিচালক ও মুখপাত্র মহিউদ্দিন রুবেল বলেন, সেপ্টেম্বর থেকে যে প্রবৃদ্ধিতে মন্দা হবে, সে বিষয়ে আগেই আশঙ্কা প্রকাশ করেছিল বিজিএমইএ। সেপ্টেম্বরের রফতানি পরিসংখ্যানে আশঙ্কা স্পষ্টতই প্রতিফলিত হলো।

তিনি বলেন, কোভিড পরবর্তী সময়ে বিশ্বব্যাপী খুচরা বাজার বিভিন্ন সংকটের কারণে ব্যাহত হচ্ছে। বিশেষ করে, কনটেইনারের অপ্রতুলতা ও সাপ্লাই চেইন সংকট, কাঁচামালের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি বৈশ্বিক মন্দার আবির্ভাবে খুচরা বিক্রিতে ধস নেমেছে। এ ছাড়া ক্রেতাদের পোশাকের চাহিদা কমছে। এসব সংকটে পোশাক শিল্প বিপর্যস্ত।

তিনি আরও বলেন, ক্রেতারা তাদের ইনভেন্টরি ও সাপ্লাই চেইনকে নিজেদের জন্য লাভজনক রাখতে সতর্কতামূলক পদক্ষেপগুলো নিচ্ছে। এর মধ্যে কেউ কেউ অর্ডার আটকে রেখেছে। সামগ্রিকভাবে পোশাক শিল্পের জন্য একটি বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

#

অকা/প্র/ সকাল, ৪ অক্টোবর, ২০২২ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version