অর্থকাগজ প্রতিবেদন

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) মাধ্যমে সরকারি ক্রয়ে আরও অধিক দরদাতা, বিশেষ করে দেশি দরদাতা প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে ও অংশগ্রহণ নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয় কমিটির ১১টি সুপারিশ এবং পরিকল্পনামন্ত্রীর পর্যবেক্ষণ সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে তুলে ধরা হয়েছে।

এ বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করে সরকারি ক্রয়ে দেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে কমিটি। একই সঙ্গে বিদেশি প্রতিষ্ঠান কাজ পেলে দেশীয় প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে কাজ করার জন্য উৎসাহিত করা হবে।

১৬ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুপুরে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী। আগামী সপ্তাহে এটি চূড়ান্ত হবে বলেও জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, আইএমইডির প্রস্তাবটা সুন্দর। এ প্রস্তাবনার মূল লক্ষ্য হচ্ছে— আমরা সরকারের জন্য যে ক্রয়গুলো করা হয়, তা ক্রয় সংক্রান্ত কমিটি থেকেই অনুমোদন দিয়ে থাকি। যেহেতু আমরা অনুমোদন দিই, তাই এগুলো যথাযথভাবে কিনলাম কিনা, সেই সার্ভিসটা পেলাম কিনা, সেটা দেখভাল করে এ কমিটির দায়িত্ব। আমাদের ক্যাপাসিটি বেড়েছে। টেন্ডারগুলোতে আমরা বিদেশিদের আমন্ত্রণ জানানোর চেষ্টা করি, সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে চাই। তবে, যেগুলো হাইলি টেকনিক্যাল, যেগুলো আমাদের লোকাল কন্ট্রাকটররা ডেভলপ করতে পারেনি, সেক্ষেত্রে আমরা বিদেশিদের অনুমোদন দেবো।

তিনি বলেন, আমরা সবসময় স্থানীয় ব্যবসায়েকে গুরুত্ব দেই । কারণ স্থানীয় ব্যবসা উন্নতি করুক। সেজন্য আমরা উৎসাহিত করি। বিদেশি যারা কাজ পাবেন তারা আমাদের লোকাল বিজনেস হাউজগুলোকে জয়েন্ট ভেঞ্চার পার্টনার হিসেবে নিয়ে কাজটি যাতে করে সেই চেষ্টা করছি। সেভাবে করতে পারলে আমাদের লোকাল বিজনেস হাউজগুলো সুযোগ-সুবিধা পাবে। একসময় আসবে নিজেরাই এককভাবে কাজটি করতে পারবে। আমরা নিজস্ব ক্যাপাসিটি বিল্ডআপ করার জন্য এ প্রস্তাবনা আনা হয়েছে। বৈঠকে এ বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে।

#

অ/প্র/ বিকাল, ১৬ ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version