অর্থকাগজ প্রতিবেদন ●
দেশের বেসরকারি খাতের জীবন বীমা কোম্পানি হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে যোগদান করেছেন বীমা ব্যক্তিত্ব বিশ্বজিৎ কুমার মন্ডল। গত ২৪ মে তিনি এ কোম্পানিতে কাজ শুরু করেছেন বলে তিনি জানান।
শ্রী মন্ডল এর আগে যমুনা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ছিলেন। ২০১৪ খ্রিষ্টাব্দের ২০ মার্চ থেকে ২০২০ খ্রিষ্টাব্দের ৭ এপ্রিল পর্যন্ত দুই মেয়াদে দীর্ঘ ৬ বছর তিনি কোম্পানিটির এ পদে দায়িত্ব পালন করেন।
১৯৯৮ খ্রিষ্টাব্দের ৪ নভেম্বর ডেল্টা লাইফের সহকারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে বীমা পেশায় কর্মজীবন শুরু করেন বিশ্বজিৎ কুমার মন্ডল। এরপর সানলাইফ ইনসিওরেন্স, রূপালী লাইফ ইনস্যুরেন্স এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
বিশ্বজিৎ কুমার মন্ডল ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াস্থ আমেরিকান ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে ‘ফান্ড ইনভেস্টমেন্ট প্র্যাকটিসেস এন্ড দেয়ার ইম্প্যাক্ট অন স্টেকহোল্ডার্স অব লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিজ ইন বাংলাদেশ’ বিষয়ে পিএইচ ডিগ্রি লাভ করেছেন।
তিনি ১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৬ সালে আইসিএবি থেকে সিএ (ইন্টামিডিয়েট), ২০১৩ সালে আইসিএবি থেকে সিএ (প্রফেশনাল স্টেজ) ডিগ্রি অর্জন করেন।
এ ছাড়াও ২০০৪ খ্রিষ্টাব্দে আইসিজিএবি’র ফেলো মেম্বার (এফসিজিএ) হন এবং ২০০৭ খ্রিষ্টাব্দে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি থেকে ডিপ্লোমাতে প্রথম স্থান অধিকার করে টাইজার অ্যাওয়ার্ড অর্জন করেন।
দেশের বীমা প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রতিষ্ঠাতা সম্পাদক বীমা ব্যক্তিত্ব শ্রী মন্ডল এক পুত্র সন্তানের গর্বিত জনক। তাঁর জন্ম খুলনার বাগেরহাটে।
#
অকা/স/সন্ধ্যা, ২৭ মে, ২০২২ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 4 years আগে
