অর্থকাগজ ডেস্ক> 

উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে দেশের উত্তরাঞ্চলের চার জেলায় আবারও স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি দ্রুত বাড়তে পারে। এতে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও রংপুর জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগসহ ভারতের মেঘালয়, আসাম ও পশ্চিমবঙ্গের উজান এলাকায় আগামী দুই দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর প্রভাবে সীমান্তবর্তী নদ-নদীগুলোর পানির প্রবাহ বৃদ্ধি পাবে।

পূর্বাভাসে বলা হয়েছে, তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি কিছু কিছু পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও রংপুর জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম এবং পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পানি কমতে শুরু করতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সংশ্লিষ্ট জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে নদী তীরবর্তী ও চরাঞ্চলের বাসিন্দাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ হালনাগাদ 1 day আগে

Leave A Reply

Exit mobile version