অর্থকাগজ প্রতিবেদন> 

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকারি সেবা আরও সহজ, দ্রুত ও সমন্বিত করতে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন এই আইনের আওতায় বিনিয়োগ-সংক্রান্ত সব ধরনের সেবা একক ডিজিটাল প্ল্যাটফর্মে দেওয়ার পাশাপাশি অনুমোদন ও লাইসেন্সিং প্রক্রিয়াও আরও সহজ করা হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ)-এর কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে একটি একীভূত বিনিয়োগ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতেই নতুন আইনটি প্রণয়ন করা হচ্ছে। নতুন কর্তৃপক্ষ দেশের সর্বোচ্চ বিনিয়োগ উন্নয়ন ও সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করবে।

আইনের প্রধান উদ্দেশ্য হলো বিনিয়োগকারীদের জন্য নিবন্ধন, অনুমোদন, আমদানি-রপ্তানি, প্রণোদনা, শিল্পাঞ্চল উন্নয়ন এবং অন্যান্য সরকারি সেবা একই ব্যবস্থার আওতায় এনে সেবা গ্রহণের প্রক্রিয়া সহজ ও দ্রুত করা।

নতুন আইনটি বর্তমান সরকারের ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার। এর মাধ্যমে সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, ওয়ান-স্টপ সার্ভিস, অনুমোদন ও লাইসেন্সিং প্রক্রিয়ার ডিজিটালাইজেশন, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে গতি আসবে।

মন্ত্রিপরিষদ বিভাগের মতে, আইনটি বিভিন্ন সংস্থার মধ্যে বিদ্যমান নীতিগত অসামঞ্জস্য ও কার্যক্রমের পুনরাবৃত্তি কমাবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়িয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করবে এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি আধুনিক বিনিয়োগ ব্যবস্থাপনা কাঠামো প্রতিষ্ঠা করবে।

আইনের খসড়ায় অর্থনৈতিক অঞ্চল, মুক্ত বাণিজ্য অঞ্চল এবং অন্যান্য ঘোষিত শিল্পাঞ্চলকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া লাইসেন্স ও অনুমোদন প্রদানের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ, ক্ষুদ্র পিপিপি প্রকল্পে সহজ অনুমোদন, অব্যবহৃত সরকারি জমি ও সম্পদ উৎপাদনশীল কাজে ব্যবহারের সুযোগ এবং বিনিয়োগ ও ব্যবসাসংক্রান্ত সব সেবা একক ডিজিটাল প্ল্যাটফর্মে দেওয়ার বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে।

সর্বশেষ হালনাগাদ 12 hours আগে

Leave A Reply

Exit mobile version