অর্থকাগজ প্রতিবেদন ●
২০২৪-২৫ অর্থ বছরের জুলাই-নভেম্বর পর্যন্ত প্রথম পাঁচ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার ১২.২৯ শতাংশে নেমে এসেছে, যা গত দশকের মধ্যে সর্বনিম্ন।
গত বছর এ হার ছিল ১৭.০৬ শতাংশ এবং এর আগের বছর ছিল ১৮.৪১ শতাংশ।
গত ১০ বছরে দ্বিতীয় সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন হার ২০১৫-১৬ অর্থ বছরে ছিল ১৬.৮৪ শতাংশ। ১৫ ডিসেম্বর বাস্তবায়ন মনিটরিং ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে এতথ্য জানা গেছে।
আইএমইডি তথ্য অনুযায়ী, পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন মনিটরিং ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি)তথ্য অনুযায়ী, সরকারি সংস্থাগুলি মোট ২ লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি ৯০ লাখ টাকার বরাদ্দ থেকে ৩৪ হাজার ২১৪ কোটি ৫৫ লাখ টাকা ব্যয় করেছে।
আইএমইডি কর্মকর্তাদের মতে, অনেক চলমান এবং নতুন প্রকল্পের জন্য বরাদ্দের টাকা কমিয়ে দেওয়ার কারণে এডিপি বাস্তবায়ন ধীর হয়ে গেছে। এছাড়া নতুন সরকার মতায় আসার পর অনেক ঠিকাদার প্রকল্প ছেড়ে চলে যাওয়ায় এডিপি বাস্তবায়ন আরও কমে গেছে।
আইএমইডি সূত্রে জানা গেছে, জুলাই-নভেম্বর পর্যন্ত ঘরোয়া উৎস থেকে ১৯,৪১১ কোটি টাকা, বৈদেশিক ঋণ থেকে ১১,৪০৭ কোটি টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩,৩৯৬ কোটি টাকা ব্যয় করা হয়েছে। ●
অকা/আখা/ফর/রাত/১৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে
