অর্থকাগজ প্রতিবেদন ● চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর চেয়ারম্যান বদরুল আলম খানের মতে, দেশের জীবন বীমা শিল্পকে বাঁচাতে হলে কথিত টিপি (টানা পলিসি) বন্ধ করতে হবে। তিনি ক’দিন আগে রাজধানীর রাজউক এভিনিউস্থ’ কোম্পানির প্রধান কার্যালয়ে তাঁর দফতরে বসে অর্থকাগজ প্রতিনিধির কাছে এ অভিমত ব্যক্ত করেন। তিনি জীবন বীমা ব্যবসায়ে বিরাজমান ৩টি সুনিদিষ্ট সমস্যার বিষয় উল্লেখ করেন। এগুলো হলো- টিপি, প্রথম বর্ষ প্রিমিয়ামে একশ’শতাংশের ওপরে কমিশন প্রদান এবং কর্মীর দ্রুত কোম্পানি পরিবর্তন।

তিনি অর্থকাগজকে বলেন, বীমা ব্যবসা করে লাভ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। উল্লেখিত সমস্যাগুলো নিরসনে তাঁর প্রস্তাবিত মতামত নিয়ন্ত্রক প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করার পরামর্শ দেন। তিনি বলেন, আমরা চাই- বীমা খাতের প্রসার ও প্রবৃদ্ধি হোক। কিন্তু টিপি, প্রিমিয়াম আয়ে প্রথম বর্ষের অতিরিক্ত প্রদান এবং অনিয়ম ও প্রতারণা করে দ্রুত কোম্পানি থেকে সরে পড়া বন্ধ না হলে দেশের বীমা খাত ভবিষ্যতে বিপর্যয়ের মুখে পড়বে। জীবন বীমার পলিসি বিক্রিতে প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহের ক্ষেত্রে তাঁর প্রস্তাব হলে ৮০ শতাংশ কমিশন প্রদান। কোম্পানি টাকা হাতে পাওয়ার শর্তে প্রথমে নগদ ২০ শতাংশ সংগ্রহকারিকে প্রদান এবং বাকি ৬০ শতাংশ নবায়ন আসার পরে কিস্তিতে প্রদান। এ ক্ষেত্রে বীমাকর্মীকে প্রয়োজনে বাকি ৬০ শতাংশের ওপর সুদ প্রদান করা হবে। বীমা কর্মকর্তা বা কর্মীকে সংশ্লিষ্ট কোম্পানিতে কমপক্ষে ৩ বছর থাকতে হবে। এ ক্ষেত্রে দেশের বীমা খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। যে কোন বীমা কর্মকর্তা বা কর্মীকে দায়বন্ধতার আওতায় আনতে হবে। কেননা, প্রতারণা ও অনিয়ম করে ছাড়পত্র ছাড়াই অন্য কোম্পানিতে যোগদান তা গোটা খাতের জন্য অশুভকর! যমুনা লাইফের চেয়ারম্যান বলেন, বাংলাদেশ ব্যাংকের মতো বীমা খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর পেশাগত সাংগঠনিক কাঠামো হওয়া প্রয়োজন। কর্তৃপক্ষের প্রধান মানে চেয়ারম্যান পদটি যেহেতু সাংবিধানিক, তার কথা আলাদা! সদস্য, নির্বাহী পরিচালক ও পরিচালক থেকে শুরু করে নিচের পদটি বীমা সংশ্লিষ্ট হওয়া অতীব জরুরি। বীমা এজেন্টকে অবশ্যই শিক্ষিত হওয়া প্রয়োজন। অর্থকাগজকে তিনি আরও জানান, বৃহৎ পরিসরে আমাদের দেশে বীমা পেশার প্রশিক্ষণ প্রতিষ্ঠান নেই! কেন্দ্রীয় ব্যাংকের মতো সরকারিভাবে বীমা নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের আওতাধীন প্রশিক্ষণ প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব তিনি করেছেন।

অকা/সাবীখা/ দুপুর, ১৫ ডিসেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 3 years আগে

Leave A Reply

Exit mobile version