অর্থকাগজ প্রতিবেদন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হলেন ড. এটিএম তারিকুজ্জামান। দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে ১৭ সেপ্টেম্বর যোগ দিচ্ছেন তিনি। ডিমিউচুয়ালাইজেশনের পর তিনি হবেন এক্সচেঞ্জটির পঞ্চম এমডি। গত ৮ আগস্ট তার নিয়োগের বিষয়টি অনুমোদন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

তার নিয়োগের বিষয়ে ডিএসইর চেয়ারম্যানের কাছে পাঠানো বিএসইসির সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ডিএসই’র পর্ষদের পাঠানো সুপারিশ বিবেচনায় নিয়ে কমিশন ড. এটিএম তারিকুজ্জামানকে এমডি হিসেবে নিয়োগের বিষয়টি অনুমোদন করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ড. এটিএম তারিকুজ্জামান ডিএসইতে যোগ দেয়ার আগে বিএসইসির নির্বাহী পরিচালকের দায়িত্বে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কমিশনের কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। ডিএসইর এমডি হিসেবে তার নিয়োগের বিষয়টি অনুমোদনের পরে তিনি কমিশনের চাকরি থেকে অবসর নিয়েছেন।

প্রসঙ্গত, ডিমিউচুয়ালাইজেশনের পর ডিএসইর দায়িত্বে থাকা এমডিরা হলেন প্রয়াত অধ্যাপক ড. স্বপন কুমার বালা, কেএএম মাজেদুর রহমান, কাজী ছানাউল হক ও মো. তারিক আমিন।

অকা/পুঁবাপ্র/সকাল, ১৭ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version