নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) একটি প্রতিনিধিদল। বুধবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে দেশের আবাসন শিল্পের বর্তমান অবস্থা, পরিকল্পিত নগরায়ণের বিভিন্ন চ্যালেঞ্জ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়ন করতে গিয়ে তৈরি হওয়া বাস্তব সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন প্রতিনিধিদলের সদস্যরা। একই সঙ্গে আবাসন খাতের টেকসই ও দীর্ঘমেয়াদি উন্নয়নের বিষয়টিও গুরুত্ব পায়।

এ সময় রিহ্যাবের পক্ষ থেকে জমি, প্লট ও ফ্ল্যাট নিবন্ধনের ক্ষেত্রে বিদ্যমান ফি যৌক্তিক পর্যায়ে কমানোর দাবি জানানো হয়। পাশাপাশি আবাসন খাতের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি সেবাগুলো দ্রুত সম্পূর্ণ ডিজিটাল করার ওপর জোর দেওয়া হয়।

রাজধানীতে জমির স্বল্পতা বিবেচনায় নিয়ে সীমিত ভূমির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে যৌক্তিকভাবে ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) বাড়ানো এবং উল্লম্ব নগরায়ণকে উৎসাহিত করার প্রস্তাবও তুলে ধরা হয়।

সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আবাসন শিল্প দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এ খাতের বিকাশ জাতীয় অর্থনীতির সামগ্রিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আবাসন শিল্পের জন্য স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি বলেন, আবাসন খাতের উন্নয়ন হতে হবে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত। এ খাতে অনিয়ম বন্ধে সরকার ইতোমধ্যে বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ নিয়েছে এবং ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের নগরায়ণকে শুধু রাজধানী ঢাকাকেন্দ্রিক রাখলে হবে না। দেশের অন্যান্য অঞ্চলকেও সমান গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে উন্নয়ন করতে হবে। পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে কৃষিজমি সংরক্ষণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

সর্বশেষ হালনাগাদ 8 hours আগে

Leave A Reply

Exit mobile version