অর্থকাগজ প্রতিবেদন

দীর্ঘদিন ধরে দায় পরিশোধে ব্যর্থতার অভিযোগে বীমা খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সানলাইফ, পদ্মা, প্রগ্রেসিভ ও গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক নিয়োগ করেছে। লাইফ বিষয়ে দেখভাল করার দায়িত্বে নিয়োজিত আইডিআরএ’র ৪ জন পরিচালককে (উপসচিব) পর্যবেক্ষক পদে নিয়োগ দেয়া হয় ৪দিন আগে। নিয়োগের কারণ গ্রাহকদের বীমা দাবী এবং কোম্পানির বিভিন্ন দায় পরিশোধে ব্যর্থতা। 

আইডিআরএ’র পরিচালক (লাইফ) মোহা. আব্দুল মজিদ স্বাক্ষরিত ৪টি ভিন্ন প্রজ্ঞাপনে এ ৪টি জীবন বীমা কোম্পানিটিতে পর্যবেক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত কর্মকতাগণ হলেন- সানলাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এ মো. শাহ্ আলম, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এ মো. জাহাঙ্গীর আলম, প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স লিমিটেড এ মোহাঃ আব্দুল মজিদ এবং গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেড এ সুবীর চৌধুরী। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক হিসেবে তাঁরা নিযুক্ত থাকবেন বলে আদেশ দেয়া হয়। ১ জুন নিয়োগের ৪টি চিঠি কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের কাছে পাঠিয়েছে আইডিআরএ।

চিঠিতে বলা হয়েছে, কোম্পানিগুলো বিশেষ করে বীমা দাবী যথাসময়ে পরিশোধ না করায় প্রতিনিয়ত গ্রাহকরা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এ অভিযোগ করছে।  বীমা দাবী সময়মত পরিশোধ না করার জন্য গ্রাহকদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হচ্ছে এবং বীমা শিল্পের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

বিষয়টি আইডিআরএ’র অবগত হওয়ায় কোম্পানি পরিচালনাগত স্বচ্ছতা উন্নয়নের মাধ্যমে বীমা গ্রাহকদের দাবী পরিশোধের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। বীমা আইন, ২০১০ এর ৫১(গ) ধারা অনুযায়ী এই পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে সে চিঠিতে। এর আগে ডেলটা, সানফ্লাওয়ার ও হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এ আইডিআরএ পর্যবেক্ষক নিয়োগ করে।

অকা/ বীখা/ সকাল, ৫ জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 3 years আগে

Leave A Reply

Exit mobile version