অর্থকাগজ ডেস্ক
দেশে ক্রেডিট কার্ডের ব্যবহার ধারাবাহিকভাবে বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসে ক্রেডিট কার্ডে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ২৮৮ কোটি টাকা। আগের মাস এপ্রিলের তুলনায় এ লেনদেন বেড়েছে ১০ দশমিক ৮৫ শতাংশ। এপ্রিলে ক্রেডিট কার্ডে লেনদেনের পরিমাণ ছিল ৩ হাজার ৮৬৮ কোটি টাকা।
বছরওয়ারি হিসাবেও কার্ডে ব্যয়ের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। ২০২৫ সালের মে মাসে দেশে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছিল ৩ হাজার ২২০ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে লেনদেন বেড়েছে ৩৩ দশমিক ১৫ শতাংশ।
বিশ্লেষকদের মতে, উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও ভোক্তাদের দৈনন্দিন কেনাকাটা অব্যাহত থাকায় ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে। বিশেষ করে সুপার শপ ও ডিপার্টমেন্টাল স্টোরে সবচেয়ে বেশি কার্ড ব্যবহার হয়েছে। মে মাসে দেশের মোট ক্রেডিট কার্ড লেনদেনের প্রায় অর্ধেকই এ দুই খাতে সম্পন্ন হয়েছে।
অন্যদিকে, মে মাসে দেশের বাইরে বাংলাদেশি কার্ডধারীরা ৪২৫ কোটি টাকার লেনদেন করেছেন। এপ্রিল মাসে এ পরিমাণ ছিল ৪২৪ কোটি টাকা। ফলে এক মাসের ব্যবধানে বিদেশে ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে প্রায় ১ দশমিক ৫৭ শতাংশ।
সর্বশেষ হালনাগাদ 4 hours আগে

