বিনোদন ডেস্ক>
ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও নতুন সিনেমা নিয়ে এক হচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক সাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়। আগের সিনেমার সাফল্যকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই শুরু হয়েছে তাদের নতুন প্রকল্পের প্রস্তুতি।
নির্মাতা মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, নতুন ছবিটি আরও বড় পরিসরে নির্মাণ করা হবে। গল্প, নির্মাণশৈলী, কারিগরি মান এবং ভিজ্যুয়াল উপস্থাপনায় দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তুলে ধরাই তাদের লক্ষ্য। এ কারণে চিত্রনাট্য তৈরির কাজেও বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।
তার ভাষ্য, ‘বরবাদ’ দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছে, সেটি নতুন কাজের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। তাই তাড়াহুড়া নয়, সময় নিয়ে এমন একটি সিনেমা নির্মাণ করতে চান, যা দেশীয় চলচ্চিত্রে নতুন মানদণ্ড তৈরি করবে।
জানা গেছে, নতুন সিনেমাতেও কেন্দ্রীয় চরিত্রে থাকছেন সাকিব খান। তবে ছবির নাম, নায়িকা এবং অন্যান্য অভিনয়শিল্পীর বিষয়ে এখনই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নির্মাতার আশা, সাকিব খানকে নিয়ে নতুন এই সিনেমা শুধু বক্স অফিসেই নয়, নির্মাণমান ও দর্শক গ্রহণযোগ্যতার দিক থেকেও নতুন একটি মাইলফলক স্থাপন করবে।
সর্বশেষ হালনাগাদ 5 hours আগে

