অর্থকাগজ ডেস্ক>
বিশ্বকাপ ২০২৬-এর প্রথম সেমিফাইনালে মঙ্গলবার মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি ফ্রান্স ও স্পেন। টানা তৃতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নেওয়ার মিশনে মাঠে নামছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। অন্যদিকে ২০১০ সালের পর আবারও বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে স্পেন। বহুল প্রতীক্ষিত এই লড়াই পরিচালনার দায়িত্ব দিয়েছে ফিফা এল সালভাদরের অভিজ্ঞ রেফারি ইভান বার্টনকে।
৪৪ বছর বয়সী বার্টন কনকাকাফ অঞ্চলের অন্যতম পরিচিত ম্যাচ অফিসিয়াল। কনকাকাফ নেশনস লিগ, গোল্ড কাপসহ আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার।
২০২২ সালে কাতার বিশ্বকাপের মাধ্যমে বিশ্বমঞ্চে অভিষেক হয় বার্টনের। এটি তার দ্বিতীয় বিশ্বকাপ। চলতি আসরে ইতোমধ্যে তিনটি ম্যাচ সফলভাবে পরিচালনা করেছেন তিনি। ফ্রান্স-স্পেন সেমিফাইনাল হবে এই বিশ্বকাপে তার চতুর্থ ম্যাচ।
চলতি বিশ্বকাপে একটি বিতর্কিত কিন্তু ঐতিহাসিক সিদ্ধান্তের কারণে আলোচনায় উঠে আসেন ইভান বার্টন। গ্রুপ পর্বে প্যারাগুয়ে ও তুরস্কের ম্যাচে ফিফার নতুন আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ করেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরন মুখ ঢেকে প্রতিপক্ষকে কিছু বললে বার্টন ভিএআরের সহায়তা নেন। পরে নতুন নিয়ম অনুযায়ী আলমিরনকে সরাসরি লাল কার্ড দেখান।
ফিফা চলতি বিশ্বকাপে খেলোয়াড়দের মুখ ঢেকে প্রতিপক্ষকে গোপনে অপমানজনক বা বৈষম্যমূলক মন্তব্য করা ঠেকাতে নতুন এই নিয়ম চালু করেছে। সেই নিয়মে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার কোনো ফুটবলার লাল কার্ড দেখেন, আর সেই সিদ্ধান্ত দেন ইভান বার্টন।
ফ্রান্স-স্পেন সেমিফাইনালে বার্টনের সঙ্গে সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন এল সালভাদরের ডেভিড মোরান ও আন্তোনিও পুপিরো। চতুর্থ কর্মকর্তা থাকবেন সুইডেনের গ্লেন নাইবার্গ, আর রিজার্ভ রেফারির দায়িত্ব পালন করবেন মাহবোদ বেগি।
সর্বশেষ হালনাগাদ 16 hours আগে

