অর্থকাগজ ডেস্ক>

২০২৬ ফিফা বিশ্বকাপে নতুন ইতিহাসের জন্ম হয়েছে। প্রথমবারের মতো ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দলই জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করার মধ্য দিয়ে এই অনন্য রেকর্ডে নাম লেখায় শীর্ষ র‌্যাঙ্কিংধারী আর্জেন্টিনা।

সেমিফাইনাল নিশ্চিত করা চার দল হলো—বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা আর্জেন্টিনা, দুই নম্বরে থাকা স্পেন, তিন নম্বরে থাকা ফ্রান্স এবং চার নম্বরে থাকা ইংল্যান্ড।

শেষ চারে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে প্রথমে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে ফ্রান্স। এরপর বেলজিয়ামকে ২-১ গোলে পরাজিত করে স্পেন। নরওয়েকে একই ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে ইংল্যান্ড। সবশেষে অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারের লাইনআপ সম্পূর্ণ করে আর্জেন্টিনা।

বিশ্বকাপের সম্প্রসারিত ৪৮ দলের নতুন সংস্করণে ফিফা ড্র পদ্ধতিতে পরিবর্তন আনে। সেই নিয়ম অনুযায়ী শীর্ষ চার র‌্যাঙ্কিংধারী দলকে নকআউট পর্বের আলাদা চারটি কোয়াড্রেন্টে রাখা হয়, যাতে তারা সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি না হয়। তবে এই সুবিধা কার্যকর করতে হলে প্রতিটি দলকেই নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হতে হতো। চার দলই সেই শর্ত পূরণ করায় শেষ পর্যন্ত সেমিফাইনালে তাদের দেখা মিলেছে।

এখন শিরোপার দৌড়ে সেমিফাইনালে মঙ্গলবার মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। আর বুধবার দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ফলে বিশ্ব ফুটবলের বর্তমান চার পরাশক্তির মধ্য থেকেই নির্ধারিত হবে এবারের দুই ফাইনালিস্ট।

উল্লেখ্য, ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং ব্যবস্থা চালু হয় ১৯৯৪ সালে। তবে ওই বছরের বিশ্বকাপে এটি বাছাই বা ড্রয়ের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়নি। এরপর বহু আসরে শীর্ষ র‌্যাঙ্কিংধারী দলগুলো প্রত্যাশা পূরণ করতে পারেনি। ২০০২ সালে ফ্রান্স, ২০১০ সালে ইতালি, ২০১৪ সালে স্পেন, ২০১৮ সালে জার্মানি এবং ২০২২ সালে বেলজিয়াম—সবাই শীর্ষ চারে থেকেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ১৯৯৮ সালের পর থেকে এবারই প্রথম বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল একসঙ্গে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়ল।

সর্বশেষ হালনাগাদ 8 hours আগে

Leave A Reply

Exit mobile version