অর্থকাগজ প্রতিবেদন>
দেশে নতুন দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের প্রসার বাড়ানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরে বিশ্বের ২৭টি দেশে অনুষ্ঠিতব্য ৫০টি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ইপিবির ১৪৯তম পরিচালনা পর্ষদের সভায় এই আন্তর্জাতিক মেলা ক্যালেন্ডার অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী ও ইপিবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার আব্দুল মুক্তাদির।
বাণিজ্যমন্ত্রী বলেছেন, ব্যবসা শুরু ও পরিচালনার প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে, যার বাস্তব প্রতিফলন আগামী দুই-তিন মাসের মধ্যে দেখা যাবে। এর মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশকে আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বললেন, লেদার, অ্যাগ্রো প্রসেসিং, লাইট ইঞ্জিনিয়ারিংসহ যেসব খাতকে অগ্রাধিকারমূলক রপ্তানি খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেগুলোর প্রতিটিই ডাবল ডিজিট প্রবৃদ্ধির মাধ্যমে দেশের বড় রপ্তানি খাতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন উদ্যোক্তা ও স্টার্টআপদের আন্তর্জাতিক বাজারের ক্রেতাদের সঙ্গে যুক্ত করতে এবং তাদের রপ্তানি সক্ষমতা বাড়াতে ইপিবি সক্রিয় ভূমিকা পালন করবে।
ইপিবির নিয়মিত আন্তর্জাতিক মেলা ক্যালেন্ডার ও বৈশ্বিক বাজার সম্প্রসারণ কৌশলের অংশ হিসেবে জার্মানি, যুক্তরাষ্ট্র, চীন, ভারত, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, জাপান, ফ্রান্স, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়ার মতো গুরুত্বপূর্ণ ১০টি প্রধান বাজারসহ বিশ্বের ২৭টি দেশের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এসব মেলায় ১২টি সম্ভাবনাময় খাতকে প্রাধান্য দেওয়া হবে।
এদিকে, পরিচালনা পর্ষদের এই সভায় ৩১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৭ আয়োজনের লক্ষ্যে একটি শক্তিশালী স্টিয়ারিং কমিটি অনুমোদন করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে এই মেলা শুরু করার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।
সভায় অন্যদের মধ্যে বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান, ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তারসহ পরিচালনা পর্ষদের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সর্বশেষ হালনাগাদ 5 hours আগে

