অর্থকাগজ প্রতিবেদন>
হেনলি পাসপোর্ট সূচকে গত বছরের চেয়ে তিন ধাপ এগিয়ে ৯৭তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। তবে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশের পাসপোর্ট এখনো তলানির দিকে আছে। বাংলাদেশের সঙ্গে একই স্থানে যৌথভাবে রয়েছে উত্তর কোরিয়া।
মঙ্গলবার লন্ডনভিত্তিক নাগরিকত্ব ও আবাসন পরামর্শক প্রতিষ্ঠান ‘হেনলি অ্যান্ড পার্টনার্স’ তাদের বৈশ্বিক পাসপোর্ট সূচকের ২০তম বার্ষিকী সংস্করণ (জুলাই ২০২৬) প্রকাশ করেছে। এতে এই তথ্য উঠে এসেছে।
আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) উপাত্তের ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়েছে। হেনলি পাসপোর্ট সূচকের নিয়ম ও প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক এই র্যাংকিং তৈরি করার জন্য মোট ১৯৯টি দেশের পাসপোর্ট এবং বিশ্বের মোট ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনা করা হয়।
প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশের সঙ্গে একই র্যাংকিংয়ে যৌথভাবে অবস্থান করছে উত্তর কোরিয়া। গত বছর এ র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।
বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বের মাত্র ৩৫টি দেশ ও অঞ্চলে পূর্বানুমতি বা আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন, যা মূলত এশিয়া ও আফ্রিকার কিছু নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ। বাংলাদেশের পরে ৯৮তম অবস্থানে রয়েছে নেপাল। এরপর রয়েছে সোমালিয়া, ইয়েমেন, পাকিস্তান, ইরাক ও সিরিয়া।
সূচকের অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে নিচে বা ১০৪তম অবস্থানে রয়েছে আফগানিস্তান।
এদিকে, বৈশ্বিক সূচকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের শীর্ষস্থানটি যথারীতি ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ১৯২টি গন্তব্যে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল প্রবেশাধিকার পাচ্ছেন।
অন্যদিকে, জানুয়ারি মাসের পর থেকে সবচেয়ে বড় উল্লম্ফন ঘটিয়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তিন ধাপ এগিয়ে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথভাবে ১৮৮টি গন্তব্যে প্রবেশাধিকার নিয়ে দ্বিতীয় অবস্থানে পৌঁছে গেছে।
সূচক বিশ্লেষণে দেখা যায়, ২০০৬ সালে সূচক চালুর সময় যুক্তরাষ্ট্র প্রথম এবং যুক্তরাজ্য তৃতীয় স্থানে ছিল। তবে ২০ বছর পর এসে যুক্তরাষ্ট্র ১০ম স্থানে এবং যুক্তরাজ্য ৬ষ্ঠ স্থানে নেমে গেছে। ইউরোপীয় দেশগুলো এখনো ওপরের র্যাংকিংগুলো ধরে রাখলেও প্রতিযোগিতার কারণে সেরা ১০-এর পরিধি বৃদ্ধি পেয়েছে। ২০০৬ সালের ২৬টির বিপরীতে বর্তমানের সেরা ১০-এ ৩৮টি পাসপোর্ট অন্তর্ভুক্ত রয়েছে।
শীর্ষ তিনে আছে সুইডেন। আর যৌথভাবে চতুর্থ বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেন।
সর্বশেষ হালনাগাদ 5 hours আগে

