অর্থকাগজ বিনোদন >
বলিউড সুপারস্টার শাহরুখ খানের স্বপ্নের বাড়ি ‘মান্নাত’ ঘিরে দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান হয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট তার বাড়িতে নতুন করে আরও দুটি তলা নির্মাণের অনুমতি বহাল রাখায় স্বস্তি ফিরেছে কিং খানের শিবিরে।
গত বছর থেকেই মুম্বাইয়ের ঐতিহাসিক এই বাংলোটি সংস্কার ও সম্প্রসারণের কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী বাড়িটিতে আরও দুটি তলা যুক্ত করার উদ্যোগ নেন শাহরুখ। তবে নির্মাণকাজের বৈধতা নিয়ে আপত্তি জানিয়ে এক সমাজকর্মী আদালতে রিট আবেদন করেন। তার অভিযোগ ছিল, প্রযোজ্য নিয়ম না মেনেই নির্মাণকাজ পরিচালিত হচ্ছে।
মঙ্গলবার সেই আবেদন খারিজ করে দেন ভারতের সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দেন, প্রয়োজনীয় আইন ও বিধি অনুসরণ করেই ‘মান্নাত’-এ নতুন দুটি তলা নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। ফলে প্রকল্পটি বাস্তবায়নে আর কোনো আইনি বাধা থাকল না।
শুনানিতে আবেদনকারীর আইনজীবী শোয়েব আলম বলেন, মামলাটি একজন খ্যাতিমান অভিনেতাকে ঘিরে হলেও আদালত যেন বিশেষ বিবেচনা না করেন। তিনি দাবি করেন, তার মক্কেল একজন সমাজসেবী এবং এর আগেও বিভিন্ন আবাসন-সংক্রান্ত অনিয়ম তুলে ধরেছেন।
এ সময় বিচারপতি সঞ্জয়কুমার বাগচী বলেন, ‘আমরা এসব বিষয়ে কোনোভাবেই প্রভাবিত হইনি।’
এদিকে আইনি লড়াইয়ে স্বস্তির পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সুখবর পেয়েছেন শাহরুখ খান। দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কে অবস্থিত তার স্মৃতিবিজড়িত বাড়িটির সম্পূর্ণ মালিকানা এখন তার হাতে এসেছে।
বিয়ের পর স্ত্রী গৌরী খানের সঙ্গে এই বাড়িতেই প্রথম সংসার শুরু করেছিলেন শাহরুখ। দীর্ঘদিন ধরে বাড়িটির বেসমেন্ট ও প্রথম তলার মালিক ছিলেন তিনি। সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপি ব্যয়ে দ্বিতীয় ও তৃতীয় তলাও কিনে নেওয়ায় এখন পুরো বাড়িটির একচ্ছত্র মালিক শাহরুখ-গৌরী দম্পতি। স্মৃতিমাখা এই বাড়িটি তাদের জীবনের বিশেষ এক অধ্যায়ের সাক্ষী হয়ে রয়েছে।
সর্বশেষ হালনাগাদ 5 hours আগে

