নিজস্ব প্রতিবেদক

​প্রযুক্তির উৎকর্ষে সংগীতের ধরন ও শ্রোতাদের অভ্যস্ততায় এসেছে আমূল পরিবর্তন। এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে নিজের সংগীত ক্যারিয়ারকে অন্যরুপে সাজাচ্ছেন পার্থিব ব্যান্ডেের ভোকাল ও গিটারিস্ট আশফাকুল বারী রুমন। বর্তমানে ব্যান্ডের পাশাপাশি ‘সোলো’ ক্যারিয়ারে মনোযোগী তিনি। সেই ধারাবাহিকতায় নতুন মৌলিক গান ‘অপেক্ষা’ প্রকাশের প্রাক্কালে শিল্পী তুলে ধরলেন তার সংগীত ভাবনা ও এই সময়ের চ্যালেঞ্জের কথা।

​সফট রক ও রক ব্যালাড জনরার ‘অপেক্ষা’ গানটির কথা ও সুর—দুটোই শিল্পী নিজেই করেছেন। বর্তমানে গানগুলো অ্যালবাম আকারে প্রকাশের চেয়ে সিঙ্গেলস হিসেবে প্রকাশেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। শ্রোতাদের সুবিধার কথা মাথায় রেখে গানটি ইউটিউব, স্পটিফাই, অ্যাপেল মিউজিক, আইটিউনস, আমাজন মিউজিক, ডিযার এবং সাভানসহ বিশ্বের সব মেজর স্ট্রিমিং প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হয়েছে।
​গানটির মিউজিক ভিডিও নির্মাণ প্রসঙ্গে জানতে চাইলে শিল্পী বলেন, এর নেপথ্যে আছে দারুণ এক পারিবারিক প্রচেষ্টা। গানটির পরিকল্পনা ও থিম তার এবং তার স্ত্রী মেহেরুন নাহার মেঘলার যৌথ সৃজন। ভিডিওর ডিওপি (DOP) হিসেবে কাজ করেছেন মেঘলা এবং সম্পাদনার ভার সামলেছেন স্বয়ং রুমন।

​সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্মের প্রভাব নিয়ে শিল্পী বলেন, "সোশ্যাল মিডিয়া এখন প্রচারের প্রধান মাধ্যম। এর যেমন অনেক ভালো দিক আছে, তেমনি চ্যালেঞ্জও আছে। ভালো দিক হলো, বাংলাদেশে বসেও সারা বিশ্বের শ্রোতাদের কাছে পৌঁছানো যায় এবং তাদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করা যায়। তবে খারাপ দিক হলো, সবকিছু একজন শিল্পীকে নিজেকেই করতে হয়। একজন মিউজিশিয়ানের কাজ গান নিয়ে পড়ে থাকা, সেখানে মার্কেটিংয়ের পেছনে অতিরিক্ত সময় দেওয়া বেশ কঠিন, বিশেষ করে যার এই বিষয়ে প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই।

​সংগীত অঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে রুমন বলেন, "ক্যাসেট বা সিডির সেই সোনালী যুগের তুলনায় এখনকার সময়টা বেশ কঠিন। আগে গানগুলো লাউড স্পিকারে বাজত, মানুষ পথে-ঘাটে নতুন গানের সাথে পরিচিত হওয়ার সুযোগ পেত। এখন সবাই হেডফোনে সীমাবদ্ধ। ফলে কে কী শুনছে, তা বোঝা দায়। তবে ইতিবাচক দিক হলো, এখন শ্রোতা হিসেবে পুরো পৃথিবী আমাদের হাতের মুঠোয়।"

​ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শিল্পী জানান, মৌলিক গানের চর্চায় তিনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছেন। প্রতি তিন সপ্তাহে একটি করে নতুন গান উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। ‘অপেক্ষা’ সেই ধারাবাহিকতারই তৃতীয় গান। পাশাপাশি লাইভ শো ও পারফর্ম্যান্সের মাধ্যমে শ্রোতাদের কাছাকাছি থাকার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ হালনাগাদ 4 hours আগে

Leave A Reply

Exit mobile version