অর্থকাগজ ডেস্ক> 

বিশ্বকাপ ফুটবলের এক মাসব্যাপী উত্তেজনার পর্দা নামছে মহারণের মধ্য দিয়ে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান শক্তি স্পেন। ম্যাচটি ঘিরে রাজধানীজুড়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে।

যারা ঘরের বাইরে হাজারো সমর্থকের সঙ্গে বড় পর্দায় ফাইনাল উপভোগ করতে চান, তাদের জন্য ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিশেষ ‘ওয়াচ পার্টি’র আয়োজন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি

সবচেয়ে বড় আয়োজনগুলোর একটি থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে। কোকা-কোলা বাংলাদেশের সহযোগিতায় এখানে বিশাল পর্দায় হাজারো দর্শকের একসঙ্গে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। ফুটবল উৎসবের আবহে টিএসসি বরাবরের মতোই সমর্থকদের অন্যতম প্রধান মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে।

মহসীন হল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মহসীন হলেও থাকছে আলাদা আয়োজন। এখানে শুধু খেলা দেখাই নয়, দর্শকদের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং জাতীয় দলের ফুটবলার শেখ মোরসালিন। ফলে সমর্থকদের জন্য এটি হতে পারে বিশেষ আকর্ষণের কেন্দ্র।

রবীন্দ্র সরোবর

ধানমন্ডির রবীন্দ্র সরোবরেও খেলা দেখার জন্য বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে। খোলা আকাশের নিচে পরিবার ও বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ উপভোগ করার সুযোগ পাবেন দর্শকরা।

বসুন্ধরা সিটি শপিং মল

শপিংপ্রেমীদের জন্য বসুন্ধরা সিটি শপিং মলেও থাকছে বড় পর্দায় ফাইনাল দেখার আয়োজন। কেনাকাটার পাশাপাশি বিশ্বকাপের শেষ ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা।

ক্লাব ও রেস্তোরাঁয় বিশেষ আয়োজন

এ ছাড়া রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি ও উত্তরার বিভিন্ন ক্লাব, স্পোর্টস ক্যাফে ও রেস্তোরাঁও বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে বড় পর্দায় খেলা দেখানোর উদ্যোগ নিয়েছে। অনেক প্রতিষ্ঠান আগাম বুকিংয়ের ব্যবস্থাও রেখেছে।

সর্বশেষ হালনাগাদ 12 hours আগে

Leave A Reply

Exit mobile version