অর্থকাগজ ডেস্ক>

হারারেতে ব্যাট হাতে বৈভব সূর্যবংশী এবং বল হাতে মায়াঙ্ক যাদবের দুর্দান্ত পারফরম্যান্সে জিম্বাবুয়েকে পাত্তাই দিল না ভারত। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের ৩৫ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল রিয়ানরা। এই জয়ের ফলে ইংল্যান্ডের কাছে হারানো টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও তারা পুনরুদ্ধার করল।

হারারের ধীরগতির উইকেটে এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয়ে যান অভিষেক শর্মা। দ্বিতীয় উইকেটে বৈভব সূর্যবংশী ও ঈশান কিষাণ গড়েন ৫০ বলে ৭৫ রানের দারুণ এক জুটি। ব্যক্তিগত ৮১ রান করে সূর্যবংশী আউট হলেও পরবর্তীতে শ্রেয়াস আইয়ারের ২৭ এবং রিংকু সিংয়ের ঝোড়ো ২৫ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত। সূর্যবংশীর ৪৯ বলের ইনিংসে ছিল ৮টি চার ও ৪টি ছক্কার মার।

১৯৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে জিম্বাবুয়ে। ইনিংসের প্রথম বলেই ব্রায়ান বেনেটকে ফিরিয়ে দেন পেসার মায়াঙ্ক যাদব। এরপর পাওয়ারপ্লের মধ্যেই জোড়া আঘাত হানেন পেসার যশ ঠাকুর। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা স্বাগতিকদের পক্ষে কেবল রায়ান বার্ল (৫৪*) আর ওয়েসলি মাধেভেরে (২৮) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। মাত্র ২৯ রান খরচ করে ৩টি উইকেট নেন মায়াঙ্ক, দুটি নেন যশ ঠাকুর।

সর্বশেষ হালনাগাদ 4 hours আগে

Leave A Reply

Exit mobile version