অর্থকাগজ প্রতিবেদন

দেশের পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন ও উন্নয়ন কার্যক্রমে অর্থায়নের জন্য ৫ হাজার ৬০০ কোটি টাকার নতুন সরকারি সুকুক ইস্যু করা হচ্ছে। পাঁচ বছর মেয়াদি এ বিনিয়োগ সুকুকের নিলাম আজ সোমবার (২২ জুন) অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নিলামে অংশ নিতে পারবেন। সুকুকের মাধ্যমে সংগ্রহ করা অর্থ ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পে ব্যয় করা হবে।

এই সুকুকে বিনিয়োগকারীরা বছরে ৯ দশমিক ৭৫ শতাংশ হারে মুনাফা পাবেন। প্রতি ছয় মাস অন্তর মুনাফা পরিশোধ করা হবে। সর্বনিম্ন ১০ হাজার টাকা বিনিয়োগের মাধ্যমে অংশ নেওয়া যাবে এ বিনিয়োগ ব্যবস্থায়।

দেশের নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য যোগ্য সংস্থাও এ সুকুকে বিনিয়োগ করতে পারবে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, যেকোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে থাকা হিসাবের মাধ্যমে সুকুকে বিনিয়োগ করা যাবে। বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ সিকিউরিটিজ মডিউল (এসএসএম) প্ল্যাটফর্ম ব্যবহার করে নিলাম কার্যক্রম সম্পন্ন হবে।

তবে প্রথমবারের মতো বিনিয়োগ করতে আগ্রহীদের ‘সুকুক ইনভেস্টর (এসআই) আইডি’ খুলতে হবে। আগে থেকে সুকুকে বিনিয়োগকারী ব্যক্তিদের নতুন করে আইডি নেওয়ার প্রয়োজন হবে না।

শরিয়াহভিত্তিক বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং উন্নয়ন প্রকল্পে দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করতে সরকার নিয়মিতভাবে সুকুক ইস্যু করছে। সংশ্লিষ্টদের মতে, তুলনামূলক আকর্ষণীয় মুনাফার হার ও সরকারি নিরাপত্তা থাকায় নতুন এই সুকুকেও বিনিয়োগকারীদের ভালো সাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ হালনাগাদ 1 day আগে

Leave A Reply

Exit mobile version