অর্থকাগজ প্রতিবেদন ●
দেশের পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল থেকে ঋণ বিতরণের জন্য ২৮০ কোটি টাকা ছাড়করণ দিচ্ছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এমন নির্দেশনা দিয়ে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. লুত্ফুল হায়দার পাশার স্বাক্ষরিত একটি চিঠি দেওয়া হয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালককে।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে প্রণোদনা স্কিমের আওতায় আইসিবির মাধ্যমে বিতরণকৃত ঋণের সুদ ও আসল হিসেবে আদায়কৃত অর্থ পুনঃব্যবহারের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এর সম্মতি এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনা ও এ বিষয়ে গঠিত তদারকি কমিটির উপর্যুক্ত পত্রের মাধ্যমে প্রদত্ত সুপারিশের প্রেক্ষিতে ‘পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল’ থেকে ২৮০ কোটি টাকা আপনাদের অনুকূলে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল শাখায় রক্ষিত এবং ‘পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল-২’ শিরোনামে পরিচালিত এসএনডি হিসাব থেকে এ ছাড় করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ অর্থ ব্যবহার এবং ফেরত প্রদানে এতদ্বিষয়ক সরকারি নির্দেশনা তথা নীতিমালা এবং বিএসইসি, আইসিবি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে উল্লেখিত নির্দেশনা অনুসরণীয় হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চিঠির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
#
অকা/পূঁবা/দুপুর, ২৮ জুন, ২০২২ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 4 years আগে

