অর্থকাগজ প্রতিবেদন ●
গত অর্থ বছরের (২০২৩-২৪) চতুর্থ ও শেষ প্রান্তিকের ত্রৈমাসিক মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৩.৯১ শতাংশ। ২০২২-২৩ অর্থ বছরের চতুর্থ প্রান্তিকের চেয়ে অনেক কমেছে। ওই সময় ছিল ৬.৮৮ শতাংশ বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) শেষ প্রান্তিকের প্রতিবেদনে এই তথ্য ২৮ অক্টোবর প্রকাশ করেছে। বিবিএস বলছে, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৩-২৪ অর্থ বছরের চতুর্থ প্রান্তিকে কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে ৫.২৭ শতাংশ। এখানে জিডিপির আকার চলতি মূল্যে ২০২৩-২৪ অর্থ বছরের চতুর্থ প্রান্তিকে ১৩ লাখ ৭৮ হাজার ৩৬১ কোটি ২০ লাখ টাকায় এবং স্থির মূল্যে এই আকার আট লাখ ৭০ হাজার ৯৯৫ কোটি ৮০ লাখ টাকা।
বিবিএস জানায়, ২০২৩-২৪ অর্থ বছরের চতুর্থ প্রান্তিকে জিডিপির প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩.৯১ শতাংশ। ওই অর্থ বছরই তৃতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৫.৪২ শতাংশ, দ্বিতীয় প্রান্তিকে ৪.৭৮ শতাংশ এবং প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছিল ৬.০৪ শতাংশ। যেখানে তার আগের বছর ২০২২-২৩-এর এই প্রবৃদ্ধি চতুর্থ প্রান্তিকে ছিল ৬.৮৮ শতাংশ, তৃতীয় প্রান্তিকে ছিল ৩.০২ শতাংশ, দ্বিতীয় প্রান্তিকে ৭.০৫ শতাংশ এবং প্রথম প্রান্তিকে ছিল ৬.২৫ শতাংশ। আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে ২০২৩-২৪ অর্থ বছরের জিডিপির চূড়ান্ত হিসাব দেয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বিবিএসের হালনাগাদ তথ্য জানায়, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৩-২৪ অর্থ বছরের চতুর্থ কোয়ার্টারে কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে ৫.২৭ শতাংশ। আর ২০২২-২৩ অর্থ বছরের চতুর্থ কোয়ার্টারে যা ছিল ৬.৫৫ শতাংশ। ফলে প্রবৃদ্ধি কমেছে। ২০২২-২৩ অর্থ বছরের প্রথম তিন কোয়ার্টারে এ খাতের প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ০.২২ শতাংশ, ৩.৮৩ শতাংশ ও ১.৯২ শতাংশ। যেখানে গেল ২০২৩-২৪ অর্থ বছরে প্রথম প্রান্তিকে ০.৩৫ শতাংশ। কিন্তু দ্বিতীয় প্রান্তিকে কমে ৪.০৮ শতাংশ ও তৃতীয় প্রান্তিকে কমে ৫.১৬ শতাংশে এসেছে।
একইভাবে স্থির মূল্যে ২০২৩-২৪ অর্থ বছরের চতুর্থ কোয়ার্টারে শিল্প খাতের প্রবৃদ্ধি হয়েছে ৩.৯৮ শতাংশ। যেখানে তার আগের ২০২২-২৩ অর্থ বছরের চতুর্থ কোয়ার্টারে ছিল ১০.১৬ শতাংশ। গত ২০২২-২৩ অর্থ বছরের প্রথম তিন কোয়ার্টারে এ খাতের প্রবৃদ্ধি ছিল প্রথম প্রান্তিকে ৫.৮০ শতাংশ, দ্বিতীয় প্রান্তিকে ১০.৫৫ শতাংশ ও তৃতীয় প্রান্তিকে ৬.৯১ শতাংশ। এখানে ২০২৩-২৪ অর্থ বছরে কমেছে শেষ দু’টি প্রান্তিকে। প্রথম প্রান্তিকে ৮.২২ শতাংশ, দ্বিতীয় প্রান্তিকে ২.৯১ শতাংশ ও তৃতীয় প্রান্তিকে ৬.২৫ শতাংশ।
আর পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৩-২৪ অর্থ বছরের চতুর্থ কোয়ার্টারে সেবা খাতের প্রবৃদ্ধি কমে হয়েছে ৩.৬৭ শতাংশ। আগের ২০২২-২৩ অর্থ বছরের চতুর্থ কোয়ার্টারে ছিল ৪.৮২ শতাংশ। ২০২২-২৩ অর্থ বছরের প্রথম তিন কোয়ার্টারে এ খাতের প্রবৃদ্ধি ছিল প্রথম প্রান্তিকে ৯.৪৩ শতাংশ, দ্বিতীয় প্রান্তিকে ৬.৩৭ শতাংশ ও তৃতীয় প্রান্তিকে ১.৪৫ শতাংশ। যেখানে গেল ২০২৩-২৪ অর্থ বছরে কমে প্রথম প্রান্তিকে ৫.০৭ শতাংশ, দ্বিতীয় প্রান্তিকে ৫.৭৮ শতাংশ ও তৃতীয় প্রান্তিকে বেড়ে ৩.৮১ শতাংশ হয়েছে।
তথ্যের ব্যবধানের ব্যাখ্যা দিয়ে বিবিএস বলছে, আইএমএফের নিদের্শনা অনুযায়ী কোনো কোয়ার্টারের জিডিপির প্রথম প্রাক্কলনের সময় হালনাগাদ সব তথ্য-উপাত্ত বিদ্যমান থাকে না। ফলে পরবর্তী সময়ে হালনাগাদ তথ্য-উপাত্তের প্রাপ্তিতে তা সংশোধনের প্রয়োজন হয়। এতে পূর্ববর্তী কোয়ার্টারের প্রবৃদ্ধিতে কিছুটা পার্থক্য পরিলতি হয়। এ ছাড়াও বিশেষভাবে উল্লেখ্য যে, চতুর্থ কোয়ার্টারে এসে ত্রৈমাসিক হিসাবে অনেক হালনাগাদ তথ্য-উপাত্ত ব্যবহার করা হয়েছে। এতে করে সঙ্গত কারণে বিবিএস কর্তৃক বাৎসরিক ভিত্তিতে প্রাক্কলিত এবং ইতঃপূর্বে প্রকাশিত ২০২৩-২৪ অর্থ বছরের জিডিপির সাময়িক হিসাবের সাথে একই অর্থ বছরের জন্য ত্রৈমাসিক ভিত্তিতে প্রাক্কলিত চার কোয়ার্টারের সম্মিলিত জিডিপির পার্থক্য রয়েছে। ●
অকা/আখা/ফর/রাত/২৮ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

