অর্থকাগজ ডেস্ক>

শেয়ারের দাম ও লেনদেনে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দেওয়ায় শেয়ারবাজারে তালিকাভুক্ত ড্যাফোডিল কম্পিউটার্স ও উসমানিয়া গ্লাসের শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) কোম্পানি দুটির শেয়ারের লেনদেন স্থগিত করেছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) কর্তৃপক্ষ।

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, কোনো মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) বা ব্যবসায়িক অগ্রগতির ঘোষণা ছাড়াই সাম্প্রতিক সময়ে কোম্পানি দুটির শেয়ারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও লেনদেনের প্রবণতা লক্ষ্য করা যায়। এর ধারাবাহিকতায় সোমবার সকালে দিনের অবশিষ্ট সময়ের জন্য শেয়ারটির লেনদেন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি ইতোমধ্যে স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এদিকে ২২ জুন উসমানিয়া গ্লাসের শেয়ারের দাম ছিল ৩৭ দশমিক ৩০ টাকা, যা ৯ জুলাই বেড়ে দাঁড়ায় ৭০ দশমিক ২০ টাকায়। অর্থাৎ কয়েক কার্যদিবসে শেয়ারটির দাম বেড়েছে ৩২ দশমিক ৯০ টাকা বা ৮৮ দশমিক ২০ শতাংশের বেশি।

এমন অস্বাভাবিক উত্থানের পরিপ্রেক্ষিতে নিয়ন্ত্রক পদক্ষেপ হিসেবে উভয় স্টক এক্সচেঞ্জ শেয়ারটির লেনদেন স্থগিতের সিদ্ধান্ত নেয়।

এর আগে গত ২১ জুন ডিএসই ড্যাফোডিল কম্পিউটার্স ও ২ জুলাই উসমানিয়া গ্লাসের কাছে দর ও লেনদেন বৃদ্ধির ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠায়। জবাবে কোম্পানিটি জানায়, বর্তমানে তাদের কাছে এমন কোনো অপ্রকাশিত তথ্য নেই যা শেয়ারের দাম বা লেনদেনকে প্রভাবিত করতে পারে। 

ডিএসইর তথ্য অনুযায়ী, গত এক মাসে শেয়ার দুটির দর দ্রুত বেড়েছে। এর মধ্যে ১৪ জুন ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারের দাম ছিল ১৪৬ দশমিক ৩০ টাকা, যা ৯ জুলাই বেড়ে দাঁড়ায় ১৭০ দশমিক ৬০ টাকায়। অর্থাৎ কয়েক কার্যদিবসে শেয়ারটির দাম বেড়েছে ২৪ দশমিক ৩০ টাকা বা ১৬ দশমিক ৬১ শতাংশের বেশি।

সর্বশেষ হালনাগাদ 2 days আগে

Leave A Reply

Exit mobile version