অর্থকাগজ প্রতিবেদন ●
অর্থ পাচারকারী, ঋণখেলাপি, দুর্নীতি ও করখেলাপি চক্র সরকারের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। ৫ জুলাই রাজধানীতে এফডিসির মিলনায়তনে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট নিয়ে ছায়া সংসদ বিতর্কে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘কোনো অবস্থাতেই অর্থ পাচার মেনে নেয়া সরকারের জন্য ঠিক হবে না। ঋণখেলাপিদের জন্য সামান্য ডাউন্টপেমেন্ট দিয়ে ঋণ নিয়মিত করার পদক্ষেপ বন্ধ করতে হবে। সুদ মওকুফ করা যাবে না। কর ফাঁকি রোধ করতে হবে। অনেক ধনী মানুষ কর দেয় না অথবা কম কর দেয়।’
বাংলাদেশ এখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অনেক পরামর্শ মেনে অর্থনীতি পরিচালনা করছে, অথচ আইএমএফ কেন অর্থ পাচার বা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে না এ নিয়ে প্রশ্ন তোলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর।
তিনি বলেন, ‘এবারের বাজেটে আইএমএফ এর প্রভাব থাকায় পাচার করা অর্থ ফিরিয়ে আনায় তেমন দিকনির্দেশনা দেখা যায়নি। অর্থ পাচার, দুর্নীতি ও ঋণখেলাপি চক্র রোধ করা না গেলে এটিই সরকারের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। যতক্ষণ দুর্নীতির বিরুদ্ধে দৃশ্যমান ও টেকসই অভিযান না চলবে, ততক্ষণ করদাতাদের শক্ত করে ধরা সম্ভব হবে না।’
বর্তমান সরকারের পক্ষে দুর্নীতি বন্ধ করা সম্ভব উল্লেখ করে ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘৬০০ টাকার বালিশ ১৭ হাজার টাকায় কেনা বন্ধ করতে হবে। বাংলাদেশে সড়ক নির্মাণে ব্যয় অন্য অনেক দেশের চেয়ে বেশি। এখানে দুর্নীতি হলে রোধ করতে হবে।’
তিনি আরো বলেন, ‘বর্তমানে মূল্যস্ফীতি ৯ শতাংশ বলা হলেও প্রকৃতপক্ষে এটি ১০ শতাংশের কাছাকাছি। বাজেট বক্তব্যে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা হবে বললেও তা অর্জিত হবে না। মধ্যস্বত্বভোগীরা মজুদ ও সরবরাহের কৃত্রিম সংকট সৃষ্টি করায় খাদ্যাভাবে ’৭৪ সালে বহু লোকের মৃত্যু হয়। তাই মজুদ ও সরবরাহের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে।’
ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘বর্তমানে মূল্যস্ফীতি মানুষকে খুব কষ্ট দিচ্ছে। সরকারের উচিত হবে বোরো সংগ্রহ বাড়িয়ে খোলাবাজারে বেশি করে চাল বিক্রি করা। যারা মজুদ করে রাখবে, তারা তাড়াতাড়ি বাজারে চাল ছাড়বে। ফলে চালের দাম কমবে।’
বাজেটে বিদেশ থেকে যে ৯৬ হাজার কোটি টাকা ঋণ নেয়ার কথা বলা হয়েছে, এটা মারাত্মক ক্ষতিকর অস্ত্র হতে পারে বলেও মন্তব্য করেন সাবেক গভর্নর। তার মতে, সঞ্চয়পত্র থেকে চলতি অর্থ বছরে ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা ১৫ হাজার কোটি থেকে বাড়িয়ে ১ লাখ ১৫ হাজার কোটি টাকা করা উচিত। এর বিপরীতে ব্যাংক ও বিদেশী উৎস থেকে লক্ষ্যমাত্রা ব্যাপকভাবে কমানো যেতে পারে।
তিনি বলেন, ‘দেশী-বিদেশী উৎস থেকে ঋণনির্ভরতা কমিয়ে সঞ্চয়পত্র থেকে ঋণ নেয়ায় জোর দেয়া উচিত সরকারের। ব্যাংক থেকে অধিক পরিমাণে ঋণ নিলে বিনিয়োগকারীরা ঋণ পাবে না, বিনিয়োগ আরো স্থবির হয়ে যাবে। অন্যদিকে সঞ্চয়পত্রের মাধ্যমে ঋণ নিলে মূল্যস্ফীতির চাপ কমবে ও সামাজিক নিরাপত্তা খাত শক্তিশালী হবে।’
কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর বলেন, ‘বড় ঋণখেলাপিদের ঋণের সুদ মাফ করা হচ্ছে। ঋণখেলাপিদের ঋণের সুদ মওকুফ করা খুবই আপত্তিকর। এ পর্যন্ত যে ৫০ হাজার কোটি টাকা সুদ মওকুফ করা হয়েছে, তা খেলাপি ঋণের পরিসংখ্যান হিসেবে গণ্য করা উচিত।’
রফতানি আয়ের হিসাব প্রসঙ্গে ড. ফরাসউদ্দিন বলেন, ‘রফতানি যা বলা হচ্ছিল, তার চেয়ে অনেক কম হয়েছে। রেমিট্যান্স দিয়ে লেনদেনের ঘাটতি পূরণ করা সম্ভব হয়নি। আমদানি নিয়ন্ত্রণ করা হচ্ছে। তবে মেশিনারিজ ও শিল্পের কাঁচামালে নিয়ন্ত্রণ আরোপ ঠিক হবে না। কেননা এগুলো অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সম্পর্কিত।’
অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘বাজেট আসে বাজেট যায়। বাজেটের পর সাধারণ মানুষ দুশ্চিন্তায় থাকে বাসা ভাড়া, যাতায়াত ব্যয়, দ্রব্যমূল্য, সন্তানের লেখাপড়া খরচ, চিকিৎসা ব্যয় বাড়বে কিনা তা নিয়ে। বিদ্যুৎ, পানি, গ্যাসের মূল্যবৃদ্ধি হলে বিপাকে পড়ে সীমিত আয়ের মানুষেরা।’
তিনি বলেন, ‘প্রতি বছর বাজেটের পর সবকিছুর দাম বৃদ্ধি পাওয়া একটা রীতিতে পরিণত হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ কষ্টে আছে। দিনে দিনে আয়বৈষম্য বেড়ে চলেছে। ক্রমবর্ধমান আয়বৈষম্যের কারণে সামাজিক অসন্তোষ তৈরি হতে পারে। মেট্রোরেলের ভাড়ার ওপর ১৫ শতাংশ ভ্যাট জনগণের ওপর চাপিয়ে দেয়া হলে তা হবে দুঃখজনক।’
‘এবারের বাজেট টেকসই উন্নয়নে সহায়ক হবে’ শীর্ষক ছায়া সংসদে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বিতার্কিকদের পরাজিত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা বিজয়ী হন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক দৌলত আক্তার মালা, সাংবাদিক উম্মান নাহার আজমী ও সাংবাদিক সুশান্ত সিনহা। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র দেয়া হয়। ●
অকা/আখা/ফর/সকাল/৬ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 years আগে

