​অর্থকাগজ প্রতিবেদক

সঙ্গীতপ্রেমীদের জন্য নতুন সুরের বার্তা নিয়ে হাজির হলেন অস্ট্রেলিয়া প্রবাসী জনপ্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালক সৈয়দ রেজা আলী। তার কথা, সুর ও সঙ্গীত পরিচালনায় সম্প্রতি মুক্তি পেয়েছে নতুন গান ‘বেখেয়ালি মন’। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী পুতুল। আর মিউজিকাল ফিল্মটি তৈরি করেছেন এই অঙ্গনের অত্যন্ত সুপরিচিত রেজওয়ান সাজ্জাদ। দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের পথচলায় দেশের বিভিন্ন মিউজিক কোম্পানি ও অসংখ্য জনপ্রিয় শিল্পীর সঙ্গে কাজ করা এই গুণী নির্মাতা সময়ের পরিবর্তনের সঙ্গে নিজেকে নতুনভাবে প্রস্তুত করেএআইনির্ভর ভিজ্যুয়াল নির্মাণের নতুন যাত্রায় যুক্ত হয়েছেন।
​গানটি প্রসঙ্গে রেজা আলী জানান, নিজের ইউটিউব চ্যানেল ‘সৈয়দ রেজা আলী’-তে গানটি প্রকাশ করা হয়েছে। সুরের মায়াজালে শ্রোতাদের কাছে গানটি দারুণ সাড়া ফেলছে।
​পেশাগত জীবনে ব্যাংকার এই শিল্পী অস্ট্রেলিয়ায় দীর্ঘ সময় ভিনদেশি শিল্পীদের সাথে কাজ করার পর, ২০১৯ সালে নিজের স্বপ্নের দেশ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে নিয়মিত কাজ শুরু করেন তিনি।বর্তমানে তিনি জনপ্রিয় ব্যান্ড ‘ব্রহ্মপুত্র বাংলাদেশ’-এর গিটারিস্ট হিসেবে কাজ করছেন। এছাড়া নিজের স্টুডিও ‘স্টুডিও গানবাড়ি’ থেকে নিয়মিত নাটক ও চলচ্চিত্রের গানে সুর ও সঙ্গীত পরিচালনা করছেন তিনি।
​সঙ্গীতের বর্তমান পরিস্থিতি নিয়ে আলাপচারিতায় সৈয়দ রেজা আলী বলেন, “বর্তমানে আমাদের সংগীতে প্রচুর কাজ হচ্ছে, যা বেশ ইতিবাচক। তবে প্রযুক্তি নির্ভরতার যুগে নতুনদের প্রতি আমার পরামর্শ, যান্ত্রিকতার ভিড়ে যেন মৌলিক সাধনা হারিয়ে না যায়। সুর সৃষ্টিকর্তা প্রদত্ত হলেও তা চর্চার মাধ্যমে বিকশিত করতে হয়। প্রচুর গান শোনার মাধ্যমেই একজন শিল্পীর নিজস্ব সঙ্গীতবোধ তৈরি হয়।”
​সুরকার হওয়ার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক অভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশে শিল্পী তৈরির অনেক প্রতিষ্ঠান থাকলেও সুরকার বা কম্পোজার তৈরির আলাদা কোনো ইনস্টিটিউট নেই। তাই এটি অনেকটা ব্যক্তিগত প্রচেষ্টা ও মেন্টরশিপের মাধ্যমে অর্জন করতে হয়।”
​উল্লেখ্য, এর আগে নিজের প্রথম গিটার ইন্সট্রুমেন্টাল অ্যালবাম প্রকাশ করেছেন এই গুণী শিল্পী। চলতি বছরেই তার দ্বিতীয় অ্যালবাম শ্রোতাদের মাঝে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

সর্বশেষ হালনাগাদ 14 hours আগে

Leave A Reply

Exit mobile version