অর্থকাগজ প্রতিবেদন

রূপালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া বীমা খাতের শৃঙখলা রক্ষায় নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর নেয়া সাম্প্রতিক পদক্ষেপগুলোর ভূয়সী প্রশংসা করেন। তিনি অর্থকাগজকে বলেছেন, যে উদ্যোগগুলো আইডিআরএ’র নতুন চেয়ারম্যান মহোদয় নিয়েছেন, তা দীর্ঘমেয়াদে কার্যকর হলে বীমা শিল্পে আমরা ইতিবাচক ফল পাবো। বিদ্যমান আইন মোতাবেক জীবন বীমা ব্যবসায়ে ব্যবস্থাপনা খরচ নির্ধারিত সীমায় রাখা, মেয়াদপূর্তির পর যথাসম্ভব দ্রুততম সময়ে দাবী পরিশোধ এবং নিয়ন্ত্রণকারী সংস্থার নির্ধারিত পদবিন্যাসের (টায়ার) স্তর ঠিক রেখে ব্যবসায় পরিচালনার ৩টি সিদ্ধান্ত গ্রহণের জন্য আইডিআরএ প্রধানের প্রশংসা করেন তিনি।

রাজধানীর কাকরাইলস্থ রূপালী লাইফ ভবনে দেয়া সংক্ষিপ্ত এক সাক্ষাৎকারে রূপালী ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, দীর্ঘমেয়াদে যে কোন ব্যবসায়ের শক্তি ও ভিত্তি হচ্ছে আস্থা। জীবন বীমা ব্যবসায়ে তো অবশ্যই। মাঠের তুলনায় দেশে জীবন বীমা কোম্পানি বেশি মনে হচ্ছে। শৃঙখলা ভেঙ্গে ব্যবসা করলে এর নেতিবাচক প্রভাব পড়বেই এটাই স্বাভাবিক। অন্য প্রতিষ্ঠানের অনিয়ম কার্যক্রমের নেতিবাচক প্রভাব আমাদের কোম্পানির ওপরও পড়ে। ব্যবসা আনতে গিয়ে মাঠ কর্মকর্তা ও কর্মীদের তা মোকাবেলা করতে হয়।

জনাব কিবরিয়া বলেন, দুঃখজনক হলেও সত্যি, দেশের অর্থনীতির জিডিপিতে বীমা খাতের অবদান ২০২১ সালে কমে গেছে। কোথায় তা ১ শতাংশের ওপরে থাকার কথা; সেখানে সে অবদান অর্ধেকে এসে দাঁড়িয়েছে। বীমা খাতে শৃঙখলা ফিরে আসলে জিডিপিতে বীমা খাতের অবদান বাড়বে নিশ্চিত। বীমা প্রতিষ্ঠান, মালিক এবং নিয়ন্ত্রণকারী সংস্থা একযোগে কাজ করলে আশা করি বীমা খাতের চেহারা পাল্টিয়ে যাবে। মনে হচ্ছে বীমা শিল্পের উন্নয়নে ইতিবাচক সেই ধারায় কাজ করছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর বর্তমান চেয়ারম্যান।

অকা/সা/বিকেল, ১৪ সেপ্টেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version