অর্থকাগজ প্রতিবেদন

ব্যাংকে নারী কর্মকর্তার সংখ্যা সামষ্টিকভাবে বাড়লেও পরিচালনা পর্ষদে নারীদের উপস্থিতি কমেছে। কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৩ সাল শেষে ব্যাংকের পরিচালনা পর্ষদে নারী পরিচালকের উপস্থিতির হার ছিল ১৩.৫১ শতাংশ। যেখানে এক বছর আগে অর্থাৎ ২০২২ সাল শেষে তা ছিল ১৪.২২ শতাংশ।

গত বছর শেষে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের বোর্ডে নারী পরিচালকদের হার ছিল ৮ শতাংশ, তবে এই সময়ে বিশেষায়িত ব্যাংকের বোর্ডে নারীদের কোনো অংশগ্রহণ ছিল না। বেসরকারি ব্যাংকের পর্ষদে নারী পরিচালকদের হার ছিল ১৪.১৬ শতাংশ ও বিদেশি ব্যাংকের পর্ষদে ছিল ১৭.৫৪ শতাংশ।

তথ্য অনুযায়ী, ২০২২ সাল শেষে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের বোর্ডে নারীদের উপস্থিতি ছিল ১০ শতাংশ, বিশেষায়িত ব্যাংকের বোর্ডে ৪ শতাংশ, বেসরকারি ব্যাংকের পর্ষদে ১৪.৭১ শতাংশ ও বিদেশি ব্যাংকের পর্ষদে নারীদের উপস্থিতি ছিল ১৮.৬০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৩ সাল শেষে দেশের ব্যাংক খাতে নারীকর্মীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৩ হাজার ৩৪৬ জনে। যেখানে ২০২২ সাল শেষে এ সংখ্যা ছিল ৩১ হাজার ৯৩৯ জন।

সেই হিসাবে ব্যাংক খাতে নারীদের কর্মসংস্থান বেড়েছে। বর্তমানে ব্যাংক খাতে পুরুষের তুলনায় নারী কর্মকর্তার হার ১৬.৩৭ শতাংশ।

দেশে কার্যরত তফসিলি ব্যাংকের মধ্যে ৪৩টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে সর্বোচ্চ সংখ্যক ২২ হাজার ২৪৮ জন নারী কর্মকর্তা-কর্মচারী রয়েছেন, যা মোট কর্মকর্তা-কর্মচারীর ১৬.৩২ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ৮ হাজার ২০৬ জন নারী কর্মকর্তা-কর্মচারী রয়েছে ৬টি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকে, যা মোট কর্মকর্তা-কর্মচারীর ১৬.৩১ শতাংশ।

অন্যদিকে ৯টি বিদেশি বাণিজ্যিক ব্যাংকে সবচেয়ে কম সংখ্যক (৯৮১ জন) নারী কর্মকর্তা-কর্মচারী থাকলেও অন্যান্য ব্যাংকের চেয়ে বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোতে নারী কর্মকর্তা-কর্মচারীর হার সবচেয়ে বেশি, ২৪.১৮ শতাংশ।

অকা/ব্যাংখা/সকাল/৬ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version