অর্থকাগজ ডেস্ক> 

শেষ ষোলোর হাড্ডাহাড্ডি লড়াইয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা না পেলেও যোগ করা সময়ের শুরুতেই বদলি খেলোয়াড় মিকেল মেরিনোর করা একমাত্র গোলেই জয় নিশ্চিত করে লা রোজারা।

ডালাসে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। প্রথম ১২ মিনিটেই স্পেন ও পর্তুগাল মিলিয়ে সাতটি শট নেয়, যার কয়েকটি ছিল লক্ষ্যভেদী। ম্যাচের অষ্টম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল স্পেন। ডি-বক্সে বল পেয়ে একক প্রচেষ্টায় গোলের সামনে পৌঁছে যান মিকেল ওইয়ারজাবাল। তবে তার শট অল্পের জন্য পোস্টের বাইরে চলে গেলে বেঁচে যায় পর্তুগাল।

এরপর পাল্টা আক্রমণে ওঠে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদোর জোরালো শট দারুণ দক্ষতায় কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন। কয়েক মিনিট পর পর্তুগালের গোলরক্ষক দিয়েগো কস্তাও টানা দুটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে রক্ষা করেন।

৩৮তম মিনিটে পর্তুগালের দারুণ এক দলীয় আক্রমণে ডান দিক থেকে আসা ক্রসে হেড করেন জোয়াও ফেলিক্স। উনাই সিমন সেটি ঠেকিয়ে দেন। ফিরতি বলে রোনালদো টোকা দেওয়ার চেষ্টা করলেও স্পেনের গোলরক্ষক দ্রুত ঝাঁপিয়ে পড়ে বল নিজের নিয়ন্ত্রণে নেন। প্রথমার্ধের শেষ দিকে নুনো মেন্ডিসের দূরপাল্লার শটও স্পেনের রক্ষণভাগ প্রতিহত করলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে বলের দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য দেখায় স্পেন। অন্যদিকে পর্তুগাল বেশিরভাগ সময়ই নিজেদের রক্ষণ সামলাতে ব্যস্ত ছিল। একের পর এক স্প্যানিশ আক্রমণ ঠেকিয়ে ম্যাচকে অতিরিক্ত সময়ে নেওয়ার আশা জাগিয়েছিল রোনালদোর দল।

তবে সেই আশা ভেঙে যায় যোগ করা সময়ের প্রথম মিনিটেই। ফেররান তোরেসের নিখুঁত পাস থেকে বদলি হিসেবে মাঠে নামা মিকেল মেরিনো জালে বল পাঠিয়ে স্পেনকে কাঙ্ক্ষিত লিড এনে দেন। শেষ পর্যন্ত সেই এক গোলই গড়ে দেয় পার্থক্য।

১-০ গোলের এই জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। অন্যদিকে শেষ ষোলোর গণ্ডি পেরোনোর আগেই বিশ্বকাপ অভিযান শেষ হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের।

সর্বশেষ হালনাগাদ 11 hours আগে

Leave A Reply

Exit mobile version