অর্থকাগজ প্রতিবেদন ●
যুক্তরাষ্ট্রের বাজারে তৃতীয় বৃহত্তম পোশাক সরবরাহকারী দেশ হিসেবে অবস্থান বাংলাদেশের। তবে সাম্প্রতিক সময়ে দেশটিতে পোশাক রফতানি কমেছে। শুধু বাংলাদেশের পোশাক রফতানিই কমেনি বরং বিশ্বের অন্যান্য দেশ থেকেও আমদানি কমিয়েছে দেশটি। চলতি বছরের প্রথম আট মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমেছে ২১ দশমিক ৭৭ শতাংশ।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (ওটেক্সা) প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে।
ওটেক্সা ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) সূত্রে জানা গেছে, চলতি ২০২৩ সালের প্রথম আট (জানুয়ারি-আগস্ট) মাসে বাংলাদেশ থেকে ৫.১৮ বিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র। এসময়ে বিশ্ব বাজার থেকে যুক্তরাষ্ট্রের সামগ্রিক পোশাক আমদানির পরিমাণ কমে ৫৩.৪৫ বিলিয়ন ডলারে নেমে এসেছে। ২০২২ সালের একই (জানুয়ারি-আগস্ট) সময়ে এর পরিমাণ ছিল ৬৯.২১ বিলিয়ন ডলার।
আলোচিত সময়ে আমেরিকায় রফতানি কমেছে চীন, ভিয়েতনাম, বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়ার। শীর্ষস্থানীয় পোশাক আমদানির উৎসগুলো মূল্য ও পরিমাণ উভয় দিক থেকেই কমেছে। এসময়ে চীন থেকে যুক্তরাষ্ট্রের আমদানি কমেছে ২৯.৪৭ শতাংশ এবং ভিয়েতনাম থেকে আমদানি কমেছে ২৪.৫৭ শতাংশ। আমেরিকার বাজারে পোশাক রফতানিতে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশ দুটি।
এছাড়া ভারত থেকে যুক্তরাষ্ট্রের আমদানি কমেছে ২১.৫৯ শতাংশ, ইন্দোনেশিয়া থেকে ২৬.০৯ শতাংশ, কম্বোডিয়া থেকে ২৭.২৮ শতাংশ, মেক্সিকো থেকে ৮.৮৭ শতাংশ, হন্ডুরাস থেকে ২২.২৬ শতাংশ, পাকিস্তান থেকে ২৯.২৪ শতাংশ এবং দক্ষিণ কোরিয়া থেকে আমদানি কমেছে ১১.৭৪ শতাংশ।
অকা/তৈপোশি/ সকাল, ০৯ অক্টোবর, ২০২৩ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 years আগে

