অর্থকাগজ প্রতিবেদন 

শেয়ার বাজারে বড় বিনিয়োগকারীদের মুনাফার তথ্য সংগ্রহ আপাতত স্থগিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এতে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ প্রশমিত হবে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। তাদের মতে, বিনিয়োগকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা এবং আস্থা ফিরিয়ে আনতে এ পদক্ষেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গত ১৪ সেপ্টেম্বর বিএসইসি দেশের দুই স্টক এক্সচেঞ্জের কাছে ৫০ লাখ টাকা বা তার বেশি মূলধনি মুনাফা অর্জনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা চেয়ে চিঠি দেয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তাদের সদস্য ব্রোকারেজ হাউসগুলোকে তথ্য সংগ্রহের নির্দেশনা দিলেও বিকেলেই নতুন বার্তা পাঠিয়ে নির্দেশনা স্থগিত করে। অন্যদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শুরু থেকেই সতর্ক অবস্থান নেয় এবং জানায়, এ ধরনের সংবেদনশীল তথ্যের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনা না করে তারা কোনো চিঠি ব্রোকারদের কাছে পাঠাবে না।

ডিএসই কর্মকর্তারা জোর দিয়ে বলেন, শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আস্থা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বাজারের প্রধান চালিকাশক্তি হলো বিনিয়োগকারীদের আস্থা, তাই তাদের স্বার্থ রক্ষা করাই সর্বাগ্রে বিবেচনায় নিতে হবে।

উল্লেখ্য, জাতীয় বাজেটে শেয়ার বাজার থেকে ৫০ লাখ টাকার বেশি মূলধনি মুনাফার ওপর কর দেওয়ার নিয়ম রয়েছে। কর আদায় সঠিকভাবে হচ্ছে কিনা তা যাচাইয়ের জন্য গত ২৫ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিএসইসিকে চিঠি দেয়। তারই ধারাবাহিকতায় কমিশন ডিএসই ও সিএসই থেকে তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছিল।

ব্রোকারেজ হাউসগুলোর প্রতিনিধিরা জানিয়েছেন, তারা সকালে সিএসইর চিঠি পেয়েছিলেন, তবে বিকেলের নতুন বার্তায় তথ্য পাঠানোর প্রয়োজনীয়তা বাতিল হওয়ায় স্বস্তি এসেছে। তাদের মতে, এই সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে।

বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, তথ্য সংগ্রহের নির্দেশনা বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছিল এবং এর ফলে টানা দুই দিন সূচকে বড় ধরনের পতন দেখা দেয়। তবে প্রক্রিয়াটি স্থগিত হওয়ায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে তারা আশা প্রকাশ করছেন। বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগকারীদের আস্থা রক্ষা ছাড়া শেয়ার বাজারে স্থিতিশীলতা আনা সম্ভব নয়। তাই বিএসইসির এই সিদ্ধান্ত সামগ্রিকভাবে বাজারকে স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা রাখবে।
অকা/পুঁবা/ই/সকাল/২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 5 months আগে

Leave A Reply

Exit mobile version