অর্থকাগজ ডেস্ক>
দীর্ঘদিন পর আবারও জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে নতুন যাত্রার ইঙ্গিত দিলেন চিত্রনায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় একটি পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘সেলিব্রেটিং সামথিং বিগ! কামিং সুন!! জাজ মাল্টিমিডিয়া এক্স পরীমণি অ্যাগেইন।’ এরপর থেকেই নতুন সিনেমা বা বিশেষ কোনো প্রজেক্ট নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।
২০১৬ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘রক্ত’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন পরীমণি। ছবির জনপ্রিয় ‘ডানাকাটা পরী’ গানটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে এবং এরপর থেকেই তিনি পরিচিতি পান ‘ডানাকাটা পরী’ নামে। তবে সেটিই ছিল জাজের ব্যানারে তার প্রথম ও শেষ কাজ।
এরপর গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’, ‘গুণিন’, ‘স্ফুলিঙ্গ’ ও ‘মুখোশ’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে গ্ল্যামারনির্ভর নায়িকার গণ্ডি পেরিয়ে অভিনয়শিল্পী হিসেবেও নিজের অবস্থান শক্ত করেন পরীমণি। ব্যক্তিগত জীবন, মাতৃত্ব এবং নানা ব্যস্ততার কারণে গত কিছু সময় বড় পর্দায় তার উপস্থিতি কম ছিল।
সম্প্রতি ‘বিশ্ব পরী দিবস’ উপলক্ষে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ পরীমণির বাসায় গেলে তাদের পুনর্মিলনের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই আসে পরীমণির ‘সামথিং বিগ’ বার্তা, যা নতুন করে কৌতূহল বাড়িয়েছে ভক্তদের মধ্যে।
তবে নতুন এই প্রজেক্ট নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে রাজি নন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তার ভাষ্য, সময় হলে আনুষ্ঠানিকভাবেই সব জানানো হবে। অন্যদিকে পরীমণিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।
সবকিছু মিলিয়ে প্রায় এক দশক পর জাজ ও পরীমণির সম্ভাব্য পুনর্মিলন ঢালিউডে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন ভক্তদের অপেক্ষা, ‘সামথিং বিগ’ আসলে নতুন কোনো সিনেমা, নাকি ভিন্নধর্মী কোনো চমক।
সর্বশেষ হালনাগাদ 15 hours আগে

