অর্থকাগজ ডেস্ক> 

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনা নতুন মাত্রা পাওয়ার মধ্যে হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। একই সময়ে বাহরাইন অভিযোগ করেছে, তাদের ভূখণ্ড লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালিয়েছে ইরান।

যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, শনিবার (২৭ জুন) হরমুজ প্রণালিতে চলাচলরত একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত একটি বস্তু আঘাত হানে। জাহাজটির ক্যাপ্টেনের বরাত দিয়ে সংস্থাটি জানায়, বস্তুটি ট্যাংকারের কমান্ড সেন্টারে আঘাত করলেও সব নাবিক নিরাপদ আছেন। এ ঘটনায় তেল ছড়িয়ে পড়া বা অন্য কোনো পরিবেশগত ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

হামলার কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলে জানিয়েছে ইউকেএমটিও।

অন্যদিকে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগ করেছে, শনিবার সকালে ইরান দেশটির দিকে একাধিক ড্রোন পাঠিয়েছে। যদিও ড্রোনগুলো কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য দেয়নি তারা।

বাহরাইনের দাবি, এ হামলা দেশটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। পাশাপাশি এটি বেসামরিক মানুষের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর প্রচেষ্টাকেও ব্যাহত করতে পারে।

এর আগে ওমান উপকূলে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। জবাবে ইরানও মার্কিন স্বার্থসংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। এসব ঘটনার ধারাবাহিকতায় হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

সর্বশেষ হালনাগাদ 20 hours আগে

Leave A Reply

Exit mobile version