অর্থকাগজ প্রতিবেদন ●
ইউরিয়া-নন ইউরিয়া সারের যে মজুদ রয়েছে, তা দিয়ে ডিসেম্বর পর্যন্ত কোনো সঙ্কট হবে না বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
সচিবালয়ে বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) কার্যনির্বাহী কমিটির মতবিনিময়কালে ৭ সেপ্টেম্বর তিনি এ কথা বলেন। এ সময় বিএআরএফের সভাপতি রফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাওসার আজম, অর্থ সম্পাদক আয়নাল হোসেন, দফতর সম্পাদক ফারুক আহমাদ আরিফ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক শওকত আলী পলাশ, কার্যনির্বাহী সদস্য মুন্না রায়হান ও হরলাল রায় সাগর উপস্থিত ছিলেন।
কৃষি সচিব বলেন, ‘সারের বর্তমান মজুদ দিয়ে ডিসেম্বর পর্যন্ত চাহিদা মেটানো যাবে। তবে সার আমদানির এলসি খোলার ক্ষেত্রে এখনো কিছুটা সঙ্কট রয়েছে, যেটা আমরা সমাধানে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।
কৃষি মন্ত্রণালয় বলছে, বর্তমানে চার লাখ ৬১ হাজার মেট্রিক টন ইউরিয়া, তিন লাখ ২২ হাজার মেট্রিক টন টিএসপি, তিন লাখ ৫৭ হাজার টন ডিএপি এবং চার লাখ ৩৭ হাজার টন এমওপি সার মজুদ রয়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে কয়েকটি ধাপে প্রণোদনা দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান কৃষি সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। তিনি বলেন, আমরা কৃষকদের সহায়তার জন্য এখন পর্যন্ত ১৯৩ কোটি টাকা বরাদ্দ করেছি, যা কয়েকটি ধাপে কৃষি পুনর্বাসনে ব্যবহার করা হবে।
তিনি বলেন, ২৩টি জেলার ১৪ লাখের বেশি কৃষক এই বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও মূলত ১১টি জেলায় ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রণোদনার বেশির ভাগই এই জেলাগুলোর কৃষকদেরকে টার্গেট করেই দেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত এসব জেলা এবং আশপাশের জেলাগুলোর কৃষি বিভাগের যত অব্যবহৃত জায়গা রয়েছে সব জায়গায় রোপা আমনের বীজতলা তৈরি করা হয়েছে। যা আমন চাষিদের মধ্যে বিতরণ করা হবে।
পুনর্বাসনের আওতায় ৯টি জেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৮০ হাজার কৃষককে এক বিঘা জমি চাষের জন্য বিনামূল্যে রোপা আমনের উফশী জাতের বীজ, সার সহায়তা (১০ কেজি) এবং মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে এক হাজার করে নগদ টাকা দেয়া হবে বলে জানান সচিব। তিনি বলেন, বসতবাড়িতে আগাম শীতকালীন সবজি চাষের জন্য ২২টি জেলায় দেড় লাখ কৃষককে বিভিন্ন জাতের সবজির বীজ ও এক হাজার করে নগদ টাকা দেয়া হবে। এদিকে উজান থেকে নেমে আসা ঢল ও টানা ভারী বর্ষণে গত ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ১৪ লাখ ১৪ হাজার ৮৯ জন। যে পরিমাণ জমির ফসল নষ্ট হয়েছে, তাতে করে ধান, সবজি, ফলমূলসহ প্রায় ১০ লাখ মে.টন উৎপাদন নষ্ট হয়েছে। টাকার অঙ্কে এই ক্ষতির পরিমাণ তিন হাজার ৩৪৬ কোটি টাকা। বন্যায় মোট তিন লাখ ৭২ হাজার ৭৩৩ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষককে ধানের বীজ, চারা, সার ও নগদ অর্থসহায়তা দেয়া হচ্ছে। বন্যার পানি চলে যাওয়ার পর ক্ষয়ক্ষতির চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে সেই অনুযায়ী পুনর্বাসনের জন্য আর কী কী কর্মসূচি নেয়া যায় তা ঠিক করা হবে বলে জানান কৃষিসচিব।
বন্যার কারণে দেশ খাদ্য ঘাটতিতে পড়বে কি নাÑ জানতে চাইলে সচিব বলেন, আগামী মৌসুমে বোরো উৎপাদনে কোনো সমস্যা না হলে খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো সঙ্কট হবে না। তাই এখন আমাদের টার্গেট আগামী বোরো মৌসুমে ভালো উৎপাদন করা। ●
অকা/শিবা/ফর/সকাল/৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

