অর্থকাগজ ডেস্ক>
ক্যারিয়ারের শীর্ষে থেকেও পরিবারকে সবসময়ই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করেন অ্যান হ্যাথাওয়ে। এবার সেই পরিবারেই আসছে নতুন অতিথি। ৪৩ বছর বয়সে তৃতীয় সন্তানের মা হতে চলেছেন অস্কারজয়ী এই হলিউড অভিনেত্রী।
কয়েকদিন ধরেই অ্যানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছিল। ফ্রান্সের রিভিয়েরা উপকূলে পরিবারের সঙ্গে ছুটি কাটানোর সময় তোলা কিছু ছবি প্রকাশ হওয়ার পরই শুরু হয় জল্পনা। ছবিতে স্বামী অ্যাডাম শুলম্যান, দুই ছেলে এবং বন্ধুদের সঙ্গে নির্ভার সময় কাটাতে দেখা যায় অভিনেত্রীকে। তবে ভক্তদের নজর আটকে যায় অন্য জায়গায়—অ্যানের বেবি বাম্পে।
সৈকতে হাঁটা, নৌকায় ওঠার প্রস্তুতি কিংবা পরিবারের সঙ্গে আড্ডা—বিভিন্ন মুহূর্তের ছবিতে তাকে বেশ স্বাভাবিক ও হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। আর সেসব ছবিই দ্রুত ছড়িয়ে পড়ে বিনোদন দুনিয়ায়।
তবে গুঞ্জন বেশিক্ষণ গুঞ্জন হয়ে থাকেনি। অ্যান নিজেই পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি নিশ্চিত করেন। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে সাদা পোশাকে ক্যামেরার সামনে এসে নিজের বেবি বাম্প দেখান তিনি। ছোট্ট একটি ক্যাপশনেই জানান মনের কথা—“সোনা, আমি তোমার।”
২০১২ সালে ব্যবসায়ী ও প্রযোজক অ্যাডাম শুলম্যান-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অ্যান হ্যাথাওয়ে। এক যুগেরও বেশি সময় ধরে সুখী দাম্পত্য জীবন কাটানো এই দম্পতির ঘরে ইতোমধ্যে দুই ছেলে সন্তান রয়েছে। এবার সেই পরিবার আরও বড় হতে যাচ্ছে।
মাতৃত্ব নিয়ে বরাবরই খোলামেলা কথা বলেছেন অ্যান। বিভিন্ন সময়ে তিনি জানিয়েছেন, মা হওয়ার অভিজ্ঞতা তাকে বদলে দিয়েছে। জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি যেমন পাল্টেছে, তেমনি বেড়েছে আত্মবিশ্বাসও। দ্বিতীয় সন্তানের সময় কিছু শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কথাও তিনি প্রকাশ্যে জানিয়েছিলেন।
ব্যক্তিগত জীবনের এই আনন্দঘন সময়েও অবশ্য কাজ থেকে দূরে নেই অভিনেত্রী। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে তার একাধিক আলোচিত চলচ্চিত্র। এর মধ্যে রয়েছে The Devil Wears Prada 2, Mother Mary, The Odyssey এবং Verity।
তবে আপাতত নতুন সিনেমার চেয়ে বেশি আলোচনায় অ্যানের জীবনের নতুন অধ্যায়। হলিউডের এই জনপ্রিয় তারকা এখন অপেক্ষা করছেন পরিবারের নতুন সদস্যকে বরণ করে নেওয়ার।
সর্বশেষ হালনাগাদ 3 hours আগে

