নিজস্ব প্রতিবেদক>
দেশের বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং মজুত নিশ্চিত করতে ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে অস্ট্রেলিয়া থেকে এই তেল কেনা হবে। এতে সরকারের মোট ব্যয় হবে ২৭৭ কোটি ১৬ লাখ ৯৫ হাজার টাকা।
বুধবার (২৪ জুন) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া প্রস্তাবের ভিত্তিতে এই তেল ক্রয়ের বিষয়টি চূড়ান্ত করে কমিটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান এমসিজি ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেড এই পরিশোধিত সয়াবিন তেল সরবরাহ করবে। প্রতি লিটার তেলের ক্রয়মূল্য পড়বে ১৬৪ টাকা ৭৭ পয়সা। মূলত দেশের ক্রমবর্ধমান ভোজ্যতেলের চাহিদা মেটানোর লক্ষ্যেই আন্তর্জাতিক বাজার থেকে এই পরিমাণ তেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
সয়াবিন তেল ছাড়াও আজকের ক্রয় কমিটির বৈঠকে অত্যাবশ্যকীয় আরও কয়েকটি পণ্য আমদানির প্রস্তাব অনুমোদন পেয়েছে। ভোজ্যতেলের পাশাপাশি মসুর ডাল, কৃষিকাজে ব্যবহৃত সার এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার একাধিক প্রস্তাবও অনুমোদন দিয়েছে সরকার।
সরকারের সংশ্লিষ্ট মহলের মতে, নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য আমদানির ফলে দেশের বাজারে সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে, যা সাধারণ মানুষের চাহিদা পূরণের পাশাপাশি দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সর্বশেষ হালনাগাদ 6 hours আগে

