অর্থকাগজ প্রতিবেদন>
আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকেই সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)–এর মাধ্যমে বাংলাদেশ থেকে নতুন করে কর্মী পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টায় কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময় মালয়েশিয়া সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
মাহদী আমিন বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করা এবং স্বচ্ছ ও কম খরচে কর্মী পাঠানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বাংলাদেশ ও মালয়েশিয়ার উচ্চপর্যায়ে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিনি জানান, সরকারের লক্ষ্য হলো বোয়েসেলের মাধ্যমে স্বল্প ব্যয়ে কর্মী পাঠানো এবং পুরো প্রক্রিয়াকে সিন্ডিকেটমুক্ত ও স্বচ্ছ রাখা। যাতে সাধারণ কর্মীরা নিরাপদে এবং কম খরচে মালয়েশিয়ায় যেতে পারেন, সে বিষয়ে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে।
তবে নতুন ব্যবস্থায় একজন কর্মীর মোট ব্যয় কত হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি। একইভাবে প্রথম পর্যায়ে কতজন কর্মী মালয়েশিয়ায় যেতে পারবেন, সেটিও স্পষ্ট করা হয়নি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আলোচনায় আগের মতো মালয়েশিয়ার সব খাতেই বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি উঠে এসেছে এবং এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
তবে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি। মাহদী আমিন জানান, কর্মী পাঠানোর প্রক্রিয়া, ব্যয় ও অন্যান্য বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়া পর্যায়ক্রমে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করবে।
সর্বশেষ হালনাগাদ 3 hours আগে

