বিনোদন প্রতিবেদক>
এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ–এর মরদেহ কবর থেকে উত্তোলনের বিষয়ে দেওয়া নিম্ন আদালতের আদেশ আপাতত কার্যকর না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়েছে।
মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। আদালতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে করা আবেদনের শুনানি শেষে এ সিদ্ধান্ত আসে। এর ফলে আপাতত তার মরদেহ কবর থেকে উত্তোলনের কার্যক্রম স্থগিত থাকছে।
এর আগে চলতি মাসে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালত হত্যা মামলার তদন্তের স্বার্থে সালমান শাহর মরদেহ পুনরায় উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং ময়নাতদন্তের অনুমতি দিয়েছিলেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ওই আদেশ দেওয়া হয়।
তদন্ত সংস্থার দাবি ছিল, প্রায় তিন দশক আগে ঘটে যাওয়া এই আলোচিত মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে নতুন করে ময়নাতদন্ত ও সংশ্লিষ্ট আলামত পর্যালোচনা প্রয়োজন। সে কারণে মরদেহ উত্তোলনের অনুমতি চাওয়া হয়েছিল।
তবে মরদেহ উত্তোলনের সিদ্ধান্তের বিরোধিতা করে সালমান শাহর পরিবারের পক্ষ থেকে বলা হয়, দীর্ঘ ৩০ বছর পর কবর থেকে মরদেহ উত্তোলন করে কার্যকর কোনো নতুন আলামত পাওয়ার সম্ভাবনা খুবই কম। এ কারণে তারা আদালতের ওই আদেশ চ্যালেঞ্জ করেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় রহস্যজনকভাবে মারা যান সালমান শাহ। তার মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরে আত্মহত্যা নাকি হত্যা—এ বিতর্ক চলমান। বিভিন্ন সময়ে সিআইডি, বিচার বিভাগীয় তদন্ত, র্যাব ও পিবিআই তদন্ত করলেও মৃত্যুর কারণ নিয়ে বিতর্কের অবসান হয়নি। পরে আদালতের নির্দেশে ঘটনাটি হত্যা মামলা হিসেবে পুনরায় তদন্তাধীন হয়।
এখন হাইকোর্টের সর্বশেষ আদেশের ফলে মরদেহ উত্তোলনের কার্যক্রম আপাতত বন্ধ থাকছে। রুলের শুনানি শেষে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আসবে।
সর্বশেষ হালনাগাদ 14 hours আগে

