অর্থকাগজ ডেস্ক
ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক আউটফিল্ড খেলোয়াড়ের রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে পর্তুগালের হয়ে মাঠে নেমে এই কীর্তি গড়েন তিনি।
রোনালদো কানাডার সাবেক অধিনায়ক আতিবা হাচিনসনের রেকর্ডটি ভেঙেছেন। ২০২২ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৩৯ বছর ২৯৬ দিন বয়সে মাঠে নেমেছিলেন। ৪১ বছর বয়সী রোনালদো তাকে পেছনে ফেলেছেন।
এছাড়া ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে লিওনেল মেসিকে ছুঁয়েছেন তিনি। একই দিন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয় আসর খেলার কীর্তি গড়েন আর্জেন্টিনা তারকা। পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোলের কীর্তি গড়েন মেসি। ছয়টি ভিন্ন আসরে গোল করে তাকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রোনালদোর।
বিশ্বকাপের প্রথম ম্যাচে পর্তুগালের আক্রমণের নেতৃত্বে থাকছেন রোনালদো। অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে ঘিরেই শুরুর একাদশ সাজিয়েছেন কোচ রবার্তো মার্তিনেজ।
মিডফিল্ডে আছেন ভিতিনিয়া, রুবেন নেভেস, ব্রুনো ফার্নান্দেজ ও বার্নার্দো সিলভার মতো তারকারা। আর রক্ষণভাগে দায়িত্ব পালন করবেন জোয়াও কানসেলো, তোমাস আরাউজো, রেনাতো ভেইগা ও নুনো মেন্দেস।
পর্তুগালের একাদশ-
দিয়োগো কস্তা; জোয়াও কানসেলো, তোমাস আরাউজো, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস; ভিতিনিয়া, রুবেন নেভেস; ব্রুনো ফার্নান্দেজ, বের্নার্দো সিলভা, পেদ্রো নেতো; ক্রিশ্চিয়ানো রোনালদো।
সর্বশেষ হালনাগাদ 5 hours আগে

