অর্থকাগজ প্রতিবেদন

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এক নির্দেশনার মাধ্যমে রোববার এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। একই দিনে ব্যাংকটির চেয়ারম্যান পদ থেকে ড. এম জুবায়দুর রহমানের পদত্যাগের পর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান তিনি।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. আলাউদ্দিন স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। ব্যাংক খাতের চলমান অস্থিরতা ও প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রেক্ষাপটে এই নিয়োগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

খুরশীদ আলম ২০২৪ সালের ফেব্রুয়ারিতে চুক্তিভিত্তিকভাবে তিন বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তবে একই বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন চার কর্মকর্তার সঙ্গে তাকেও পদত্যাগ করতে হয়। জুলাই আন্দোলনের পর প্রশাসনিক পুনর্বিন্যাসের ধারাবাহিকতায় তার দায়িত্ব ছাড়ার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

এর আগে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়েন অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান। গত বছরের ২৩ জুলাই সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের পদত্যাগের পর তাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।

এদিকে ব্যাংকটির অভ্যন্তরীণ পরিস্থিতিও ক্রমেই জটিল হয়ে উঠছে। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আন্দোলনের মুখে রোববার পূর্বনির্ধারিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়নি। রাজধানীর দিলকুশায় প্রধান কার্যালয়ে এ সভা হওয়ার কথা থাকলেও বিক্ষোভ ও উত্তেজনার কারণে তা স্থগিত করা হয়।

সভাকে ঘিরে আলোচনায় ছিল, বাধ্যতামূলক ছুটিতে থাকা ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান পদত্যাগ করতে পারেন। গত এপ্রিল মাসে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে তাকে ৪৯ দিনের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়, যার মেয়াদ শেষ হওয়ার কথা আগামী ৩১ মে।

রোববার তিনি প্রধান কার্যালয়ে উপস্থিত হলেও আন্দোলনকারীরা তাকে ভবনে প্রবেশ করতে বাধা দেন। যদিও ব্যাংকসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, তিনি চেয়ারম্যান বরাবর নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

ব্যাংক খাত বিশ্লেষকদের মতে, ইসলামী ব্যাংকের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ শুধু প্রশাসনিক পরিবর্তনের ইঙ্গিত নয়; বরং দেশের বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংকটির পরিচালনা কাঠামো ও অভ্যন্তরীণ আস্থার সংকটও নতুন করে সামনে এনে দিয়েছে।

সর্বশেষ হালনাগাদ 4 hours আগে

Leave A Reply

Exit mobile version