অর্থকাগজ প্রতিবেদন ●
শেষ হলো দেশের পুঁজি বাজারে ঈদপূর্ব লেনদেন। ২৭ মার্চ সরকারি অফিস আদালতের পাশাপাশি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোরও ছিল ঈদপূর্ববর্তী শেষ কর্মদিবস। সে কারণে দেশের পুঁজি বাজারের ঈদপূর্ববর্তী শেষ লেনদেন দিবসও ছিল ২৭ মার্চ। ৫ এপ্রিল পর্যন্ত ছুটি কাটিয়ে আবার ৬ এপ্রিল থেকে লেনদেন শুরু করবে পুঁজি বাজারগুলো।

২৭ মার্চ শেষ কার্যদিবসে দেশের দুই পুঁজি বাজারে দুই ধরনের আচরণ দেখা যায়। প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ( ডিএসই) সূচকের উন্নতি দিয়েই দিন শেষ করে। অপর দিকে দেশের দ্বিতীয় পুঁজি বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সব ক’টি সূচকের অবনতি ঘটে। তবে একই সময় লেনদেন কমেছে দুই পুঁজি বাজারেই।

ঢাকা স্টকের প্রধান সূচকটি ২৭ মার্চ ৪ দশমিক ৯৫ পয়েন্ট উন্নতি ধরে রাখে। ৫ হাজার ২১৪ দশমিক ২০ পয়েন্ট থেকে দিন শুরু করা সূচকটি ২৭ মার্চ দিনশেষে ৫ হাজার ২১৯ দশমিক ১৬ পয়েন্টে। বাজারটির অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচকটি ৩ দশমিক ৩৭ পয়েন্ট হারায়। কিন্তু ডিএসই শরিয়াহ সূচকটি নামমাত্র উন্নতি ধরে রাখতে সক্ষম হয়। চট্টগ্রাম স্টকের সবগুলো সূচকেরই কমবেশি অবনতি ঘটে। এখানে সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ২৭ মার্চ ১৬ দশমিক ৬৭ পয়েন্ট হারায়। বাজারটির অন্য দুই সূচক সিএসই-৩০ ও সিএসইএক্স সূচকের অবনতি ঘটে যথাক্রমে ২৯ দশমিক ৭৭ ও ১১ দশমিক ০৩ পয়েন্ট।

দিনের বেশির ভাগ সময় ২৭ মার্চ পুঁজি বাজারগুলোতে সূচকের নেতিবাচক প্রবণতা বিরাজ করে। ঢাকায় সূচকের উন্নতি দিয়ে দিন শুরু করলেও তা স্থায়ী ছিল মাত্র আধঘণ্টা। সকাল সাড়ে ১০টা থেকে বিক্রয়চাপে পড়ে নিম্নমুখী হয়ে পড়ে বাজারটি। এতে লেনদেনও হ্রাস পায়। ঢাকা শেয়ার বাজার ২৭ মার্চ ৩১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৭১ কোটি টাকা কম। বুধবার ডিএসইর মোট লেনদেন ছিল ৩৮৬ কোটি টাকা।

লেনদেন কমেছে চট্টগ্রাম শেয়ার বাজারেও (সিএসই)। ২৭ মার্চ বাজারটির লেনদেন নেমে আসে ৭ কোটি টাকায়। ২৬ মার্চ লেনদেন ছিল ২০ কোটি টাকা। তবে বাজারগুলোতে লেনদেন কমে যাওয়াকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন পুঁজি বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে, এখন পুরো দেশ ছুটির আমেজে আছে। তা ছাড়া, বাজার ভালো থাকলে বিনিয়োগকারীরা যেভাবে সক্রিয় থাকেন মন্দা বাজারে তা দেখা যায় না। তা ছাড়া ২৭ মার্চ প্রায় সবগুলো ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংকের ট্রেডিং ফোরগুলো ছিল ফাঁকা। ফলে বাজারে অংশগ্রহণ ব্যাপকভাবে হ্রাস পায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবস ২৭ মার্চ মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ দিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড।

এ দিন প্রতিষ্ঠানটি ১৫ কোটি ১৭ লাখ ৭৩ হাজার টাকায় ১৫ লাখ ২৭ হাজার শেয়াার হাতবদল হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে ছিল একই খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন। ২৭ মার্চ ১৩ কোটি ২০ লাখ ৩৮ হাজার টাকায় কোম্পানিটির ৩ লাখ ৩৮ হাজার শেয়ার বেচাকেনা হয়। আর ১১ কোটি ৭৮ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেনে তালিকার তৃতীয় স্থান করে নিয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

ডিএসইর লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো ছিল যথাক্রমে বিচ হ্যাচারি লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, এস আলম কোল্ড স্টিলস লিমিটেড, উত্তরা ব্যাংক পিএলসি, স্কয়ার ফার্মাসিটিক্যালস পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি এবং এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

ঢাকা স্টকে সপ্তাহের শেষ কার্যদিবস ২৭ মার্চ মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ দিন দর বৃদ্ধির ১৪৮টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ দিন ডিএসইতে এবি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪০ পয়সা ৯ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল শাইনপুকুর সিরামিকস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ২ টাকা বা ৯ দশমিক ৬২ শতাংশ বেড়েছে। তৃতীয় স্থানে থাকা ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডটির শেয়ারদর বেড়েছে ৩০ পয়সা বা ৯ দশমিক ৩৮ শতাংশ। ২৭ মার্চ দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছেÑ এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড এবং এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবস ২৭ মার্চ মোট ৩৯৭টি কোম্পানির মধ্যে ১৪৮টির দর কমেছে। এই দরপতনের তালিকায় শীর্ষে ছিল বিচ হ্যাচারি লিমিটেড। ২৭ মার্চ দিন শেষে প্রতিষ্ঠানটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৩৯ শতাংশ কমেছে। দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ৭ দশমিক ৯৪ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৮ দশমিক ১১ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে ছিল প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।

এ দিন দরপতনের তালিকায় শীর্ষে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছেÑ উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, মাইডাস ফাইন্যান্সিং পিএলসি, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড, বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। ●

অকা/পুঁবা/ফর/বিকাল/২৯ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 11 months আগে

Leave A Reply

Exit mobile version