অর্থকাগজ প্রতিবেদন>
কারাগারের অভ্যন্তরের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে কারা অধিদপ্তর। সরকারি নির্দেশনা অমান্য করে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কারাগারের ভেতরের দৃশ্য ও তথ্য প্রকাশের অভিযোগে দেশের বিভিন্ন কারাগারে কর্মরত প্রায় ৫০ জন কারারক্ষীকে তলব করা হয়েছে।
রোববার সকাল ৯টায় তাদের কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্তও শুরু করেছে কারা কর্তৃপক্ষ।
কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজশাহী, চট্টগ্রাম, কাশিমপুর, কাশিমপুর নারী কেন্দ্রীয় কারাগার, ময়মনসিংহ, সিলেট, যশোর, বরিশাল, কুমিল্লা, নীলফামারী, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী ও মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন কারাগারে কর্মরত পুরুষ ও নারী কারারক্ষীদের এই তলবের আওতায় আনা হয়েছে।
কারা অধিদপ্তরের প্রিজন্স ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিদ্যমান নির্দেশনা উপেক্ষা করে কয়েকজন কারারক্ষী কারাগারের অভ্যন্তরের ছবি, ভিডিও ও বিভিন্ন তথ্য প্রকাশ করেছেন। কারা কর্তৃপক্ষের মতে, এ ধরনের কর্মকাণ্ড সরকারি চাকরির শৃঙ্খলা, নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার নীতিমালার পরিপন্থী।
এ বিষয়ে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ বলেন, "সামাজিক যোগাযোগমাধ্যমে কারাগারের ছবি ও ভিডিও পোস্ট করার অভিযোগে ৫০ জন কারারক্ষীকে তলব করা হয়েছে। ধাপে ধাপে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।"
কারা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, কারাগারের নিরাপত্তা ও সংবেদনশীল তথ্যের গোপনীয়তা রক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর নীতিমালা রয়েছে। সেই নীতিমালা লঙ্ঘনের অভিযোগে এবার সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্তে আরও কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ হালনাগাদ 4 hours আগে

